মেয়র গউছকে বরখাস্তের আদেশ স্থগিত
হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। ওই আদেশটি কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুলও দিয়েছেন হাইকোর্ট।
এক রিটের শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। এর ফলে মেয়র পদে তাঁর দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী স ম রেজাউল করিম।
সাময়িক বরখাস্তের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল রোববার রিটটি করেন জি কে গউছ। আদালতে তাঁর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী স ম রেজাউল করিম ও শামীমা ইসলাম।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
২০১৬ সালের ২০ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এক আদেশে জি কে গউছকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে।
২০১৪ সালের ২৮ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত হয়ে হবিগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন জি কে গউছ। এরপর থেকে প্রায় দুই বছর কারাগারে ছিলেন তিনি। ৪ জানুয়ারি হাইকোর্ট থেকে এ মামলায় জামিন পান তিনি।