মেয়র গিয়ে দেখেন অফিসে কেউ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম গতকাল বুধবার সকাল ১০টায় সাগরিকায় অবস্থিত ৬ নম্বর কর-অঞ্চলের কার্যালয় পরিদর্শন করতে যান। সেখানে গিয়ে দেখেন, কর কর্মকর্তা (টিও) ও চার উপ-কর কর্মকর্তার (ডিটিও) কেউই তখন পর্যন্ত কার্যালয়ে আসেননি। এ ঘটনায় তিনি তাৎক্ষণিকভাবে কর কর্মকর্তা জালাল আহমদকে পদাবনতি করে ৭ নম্বর কর-অঞ্চলের উপ-কর কর্মকর্তা হিসেবে বদলি করেন। অন্য চার উপ-কর কর্মকর্তাকে কারণ দর্শাতে বলেছেন। এরপর দক্ষতা যাচাই করে ১ নম্বর কর-অঞ্চলের উপ-কর কর্মকর্তা মো. সালাহ উদ্দিনকে ৬ নম্বর কর-অঞ্চলের কর কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়। মেয়র মোহাম্মদ মন্জুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কাজে অবহেলার দায়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব আয় বাড়াতে কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের এক বছর ধরেই নানাভাবে চাপ দিচ্ছেন মেয়র। অভিযোগ রয়েছে, চাপ সত্ত্বেও অনেক এলাকায় প্রত্যাশা অনুযায়ী গৃহকর আদায় হয় না। এর পরিপ্রেক্ষিতে গতকাল সকালে মেয়র হঠাৎ করে সাগরিকায় অবস্থিত ৬ নম্বর কর-অঞ্চলের কার্যালয় পরিদর্শন করেন।