মেয়র ছাড়া স্থবির 'ছড়া অভিযান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সিটি করপোরেশন মাল​নীছড়ার একটি অংশ দখলমুক্ত করে রেখেছিল। এক সপ্তাহ ধরে  সেখানেই স্থাপনা নির্মাণের কাজ চলছে
সিলেট সিটি করপোরেশন মাল​নীছড়ার একটি অংশ দখলমুক্ত করে রেখেছিল। এক সপ্তাহ ধরে সেখানেই স্থাপনা নির্মাণের কাজ চলছে

উত্তরে চা-বাগান, টিলা। দক্ষিণে সুরমা নদী। মাঝখানে নগর সিলেট। উত্তর থেকে দক্ষিণে প্রবহমান ছোট ছোট খাল উঁচু ভূমি থেকে কিছুটা সমতল হয়ে নদীর সঙ্গে মিলিত হওয়ায় নাম পড়েছে ছড়া।
প্রাকৃতিক নালা হিসেবে পরিচিতি এই ছড়া উদ্ধারে ২০১৩ সালের ৩০ অক্টোবর প্রথম অভিযান শুরু করেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রথম দফায় নগরের কেন্দ্রস্থলের মঙ্গলী ছড়ার মধ্যভাগ দখলমুক্ত করেন। স্থানীয় সাংসদ হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলী ছড়া পরিদর্শন করে মেয়রের ছড়া উদ্ধার অভিযানকে অভিনন্দন জানান।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বেশ সাড়ম্বরেই চলছিল মেয়রের ছড়া দখলমুক্ত অভিযান। প্রায় দেড় মাস ধরে মেয়র আরিফুল হকের অনুপস্থিতিতে অনেকটা ছন্দহারা রূপ নিয়েছে ছড়া উদ্ধার প্রকল্পের কাজ। সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র গত ১৩ নভেম্বর আদালতে দাখিল করার পর থেকে মেয়র আরিফুল নগর ভবনে অনুপস্থিত ছিলেন। অভিযোগপত্রে নতুন করে অভিযুক্ত আসামির তালিকায় তাঁর নাম রয়েছে। এ কারণে নগর ভবনে অনুপস্থিতির কারণে সিটি করপোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পের মতো ছড়া অভিযানেও অচলাবস্থা সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার আরিফুল হবিগঞ্জে গিয়ে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠান।
মালনী ছড়ার একাংশে যে ভবনটি পড়েছে বলে সিটি করপোরেশন চিহ্নিত করে রেখেছিল, সে ভবনের নাম ‘স্বর্ণলতা’। ভবনের পেছন দিকের পিলার, দেয়াল পুরোটাই ছিল ছড়ার ওপর। দখলমুক্ত করতে ছড়ার তীরে রাখা ছিল সিটি করপোরেশনের খননযন্ত্র (এক্সকাভেটর)। সরেজমিনে গেলে স্থানীয় লোকজন জানান, সপ্তাহ খানেক হয় খননযন্ত্রটি সেখানে আর দেখা যাচ্ছে না। খননযন্ত্র সরানোর পর স্বর্ণলতার মালিকপক্ষ ছড়ার একাংশ অনেকটা দখলের মতো করে স্থাপনা তৈরির কাজ করাচ্ছেন।
স্বর্ণলতা ভবনটির মালিক মো. ফারুকুজ্জামান বলেন, ‘আমার জায়গার মধ্যেই এখন একটি সীমানাপ্রাচীর নির্মাণের কাজ করছি। এটি ছড়ার জায়গা নয়।’
মালনী ছড়ায় স্বর্ণলতা ভবনের স্থাপনা নির্মাণ প্রসঙ্গে সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ছড়ার সীমানা নির্ধারণ করে দেখা যায়—ওই এলাকার বাসিন্দা মো. ফারুকুজ্জামান ছড়ার বেশ কিছু জায়গা দখল করে রেখেছেন। এটি সিটি করপোরেশন কর্তৃপক্ষ উচ্ছেদের উদ্যোগও নিয়েছিল। কিন্তু ওই বাসিন্দা সম্প্রতি আদালতের শরণাপন্ন হওয়ায় বিষয়টি আপাতত স্থগিত রাখা হয়েছে।
মালনীছড়া ফের দখলচেষ্টার প্রতিবাদ: মালনীছড়া মুক্ত না থাকলে সিলেট নগরের চৌকিদেখি, ইলাশকান্দি, পীরমহল্লা, হাউজিং এস্টেট, জালালাবাদ আবাসিক এলাকাসহ বৃহৎ পাঁচ মহল্লা জলাবদ্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত মানববন্ধন চলাকালে এ মতামত জানিয়েছেন স্থানীয় ব্যক্তিরা।
সিলেট সিটি করপোরেশনের দখলমুক্ত করা ছড়া ফের দখলচেষ্টার প্রতিবাদে গতকাল দুপুরে মালনীছড়ার তীরে দর্শনদেউড়ি এলাকায় মানববন্ধন করে বাপা।