মেয়র নাছিরের কাছে প্রমাণ চাইল মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আ জ ম নাছির উদ্দীন
আ জ ম নাছির উদ্দীন

কোন কর্মকর্তা কোথায় কখন ঘুষ দাবি করেছেন, কে কোথায় কখন পাজেরো জিপ চেয়েছেন, কোন প্রকল্পের অর্থ ছাড়ে কোন কর্মকর্তা জটিলতা সৃষ্টি করেছেন, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে উপযুক্ত প্রমাণ মন্ত্রণালয়ে দাখিল করতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনকে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জ্যোতির্ময় দত্ত চিঠি দিয়ে চট্টগ্রামের মেয়রকে এই অনুরোধ জানান। মন্ত্রণালয়ের বিরুদ্ধে মেয়রের অভিযোগকে অত্যন্ত ‘গুরুতর’ উল্লেখ করে আগামী সাত দিনের মধ্যে এসব প্রমাণ দাখিল করতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘মেয়র যেহেতু সুনির্দিষ্ট অভিযোগ করেছেন, আমরাও তাঁর কাছে এখন সুনির্দিষ্ট প্রমাণ চাই। প্রমাণ পাওয়ার পরই আমরা এ বিষয়ে ব্যবস্থা নেব।’
গত বুধবার নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ‘চট্টগ্রাম নগর সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে ৫ শতাংশ করে দিতে রাজি না হওয়ায় করপোরেশনের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাননি। তিনি আরও অভিযোগ করেন, ‘যদি ৫ শতাংশ করে দিতে পারতাম, তাহলে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা আনতে পারতাম।’
চট্টগ্রামের মেয়রের এ অভিযোগ নিয়ে বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগে আলোচনা হয়। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘এমনটা হোক আর না হোক বিষয়টি পরিষ্কার করা উচিত। না হলে আমাদের নিজেদের অপরাধী মনে হচ্ছে।’ 

এদিকে সিটি করপোরেশন ও কয়েকটি পৌরসভার প্রতিনিধিদের এক বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আসেন মেয়র আ জ ম নাছির। তাঁর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মতো করে আমি বলব।’ এরপর স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠি পাঠানোর পর বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত কয়েক দফা যোগাযোগ করা হলেও তিনি মুঠোফোন ধরেননি।