মেয়র নাছিরের কাছে প্রমাণ চাইল মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন কর্মকর্তা কোথায় কখন ঘুষ দাবি করেছেন, কে কোথায় কখন পাজেরো জিপ চেয়েছেন, কোন প্রকল্পের অর্থ ছাড়ে কোন কর্মকর্তা জটিলতা সৃষ্টি করেছেন, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে উপযুক্ত প্রমাণ মন্ত্রণালয়ে দাখিল করতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনকে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
চট্টগ্রামের মেয়র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা অত্যন্ত ‘গুরুতর’ উল্লেখ করে আগামী সাত দিনের মধ্যে এসব প্রমাণ দাখিল করতে বলা হয়েছে। মেয়রের আনা অভিযোগে মন্ত্রণালয় তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে তাঁকে দেওয়া চিঠিতে জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জ্যোতির্ময় দত্ত এ চিঠি দেন।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘মেয়র যেহেতু সুনির্দিষ্ট অভিযোগ করেছেন, আমরাও তাঁর কাছে এখন সুনির্দিষ্ট প্রমাণ চাই। প্রমাণ পাওয়ার পরই আমরা এ বিষয়ে ব্যবস্থা নেব।’
গত বুধবার নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ‘চট্টগ্রাম নগর সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে ৫ শতাংশ করে দিতে রাজি না হওয়ায় করপোরেশনের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাননি। তিনি আরও অভিযোগ করেন, ‘যদি ৫ শতাংশ করে দিতে পারতাম, তাহলে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা আনতে পারতাম।’
চট্টগ্রামের মেয়রের এ অভিযোগ নিয়ে গতকাল স্থানীয় সরকার বিভাগে আলোচনা হয়। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘এমনটা হোক আর না হোক বিষয়টি পরিষ্কার করা উচিত। না হলে আমাদের নিজেদের অপরাধী মনে হচ্ছে।’ আরেকজন কর্মকর্তা বলেন, তিনি তো আওয়ামী লীগেরই। এমনটা হলে মন্ত্রীকে জানাতে পারতেন।
এদিকে গতকাল সিটি করপোরেশন ও কয়েকটি পৌরসভার প্রতিনিধিদের এক বৈঠকে যোগ দিতে গতকাল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আসেন মেয়র আ জ ম নাছির। গতকাল তাঁর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মতো করে আমি বলব।’ এরপর স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠি পাঠানোর পর বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত কয়েক দফা যোগাযোগ করা হলেও তিনি মুঠোফোন ধরেননি।
চট্টগ্রামের মেয়রের অভিযোগ তদন্ত করে দেখা উচিত বলেও মন্তব্য করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমার কোনো প্রকল্পে এ ধরনের পরিস্থিতিতে পড়তে হয়নি, আমি এটা বলতে পারি।’
সম্প্রতি সরকার মেয়রদের পদমর্যাদা ঘোষণা করেছে। ঢাকার দুই মেয়র পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রকে কোনো মর্যাদা দেওয়া হয়নি।