মেয়র নাছিরের নামে স্লোগান দেওয়া নিয়ে ছাত্রলীগে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনার জের ধরে বিকেলে কলেজ ক্যাম্পাসে এক পক্ষের নেতা-কর্মীরা কয়েকটি ফাঁকা গুলি ছোড়েন।
সংঘর্ষের সময় তিনজন আহত হন। তাঁরা হলেন ইউসুফ কবির, বিশ্বজিৎ শর্মা ও কায়সার হামিদ। এর মধ্যে মাথায় আঘাত পাওয়ায় ইউসুফ কবিরকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দীনের নামে স্লোগান দিতে দিতে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী চট্টগ্রাম কলেজে প্রবেশ করেন। এ সময় ক্যাম্পাসে আগে থেকে অবস্থান করছিল ছাত্রলীগের আরেকটি পক্ষ। তারা চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। ক্যাম্পাসে অবস্থান করা নেতা-কর্মীরা নির্দিষ্ট কোনো নেতার নামে স্লোগান না দিতে বলেন। এ নিয়ে দুই পক্ষে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতা মাহমুদুল করিম বলেন, ‘বহিরাগত কয়েকজন যুবক হঠাৎ মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। আমরা তাদের নির্দিষ্ট কোনো নেতার নামে স্লোগান দেওয়া বন্ধ করতে বলি। এতে তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। হামলায় কলেজের তিন ছাত্র আহত হয়েছে। পরে বিকেলে বহিরাগত যুবকেরা আবার মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢোকে। এ সময় তারা ফাঁকা গুলি করে।’
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ক্যাম্পাসের ভেতরে থাকা নেতা-কর্মীরা ধাওয়া দিলে বাইরে থেকে আসা যুবকেরা কলেজের পাশের গনি বেকারির মোড়ে অবস্থান নেন। পরে পুলিশ ক্যাম্পাসে অবস্থান করা ছাত্রলীগের নেতা-কর্মীদের চলে যেতে বলে। তাঁরা চলে যাওয়ার পর বিকেল চারটার দিকে আ জ ম নাছির উদ্দীনের নামে স্লোগান দিতে দিতে গনি বেকারির দিক থেকে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢোকেন। এ সময় ফাঁকা গুলির শব্দ শোনা যায়। তখন পুলিশ মূল ফটকে অবস্থান করছিল।
জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফাঁকা গুলির বিষয়ে তিনি বলেন, ‘আমরা মূল গেটে ছিলাম। গুলির শব্দ আমরা শুনিনি। অন্য পাশে করলে করতে পারে।’
প্রায় তিন দশক ছাত্রশিবিরের নিয়ন্ত্রণে থাকার পর গত বছরের ১৬ ডিসেম্বর থেকে চট্টগ্রাম কলেজে প্রকাশ্যে মিছিল-সমাবেশ করতে থাকে ছাত্রলীগ। একই এলাকায় শিবিরের দখলে থাকা সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজেরও নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ। চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
ধাওয়া-পাল্টাধাওয়ার বিষয়ে আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ইয়াসির আরাফাত বলেন, ‘কিছু জুনিয়র ছেলে নাছির ভাইয়ের নামে স্লোগান দেওয়ায় একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল। পরে আমরা গিয়ে ওটা মিটমাট করে দিয়েছি। আমরা সিদ্ধান্ত দিয়েছি কোনো নেতার নামে স্লোগান না দিয়ে ছাত্রলীগের নামে স্লোগান দিতে।’