মেয়র নাছিরের পক্ষে জেলা ক্রীড়া সংস্থা
সুইমিংপুল নির্মাণ নিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের পক্ষ নিয়েছেন চট্টগ্রামের ক্রীড়া সংগঠকেরা। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যানারে সংবাদ সম্মেলন করে আউটার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণের যৌক্তিকতা তুলে ধরেন তাঁরা।
সিজেকেএসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি ও সুইমিংপুল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলী আব্বাস। এ সময় বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর, সিজেকেএসের অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য দিদারুল আলম চৌধুরী, আ ন ম ওয়াহিদ দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ঢাকাসহ অন্যান্য জেলায় জেলা ক্রীড়া সংস্থার মালিকানাধীন জায়গাতেই সুইমিংপুল নির্মিত হয়েছে। মূল স্টেডিয়াম থেকে বিচ্ছিন্ন কোনো স্থানে সুইমিংপুল নির্মাণের নজির দেশে নেই। কারণ, সুইমিংপুলের রক্ষণাবেক্ষণ ও সার্বক্ষণিক তদারকির প্রয়োজন। খেলার মাঠ ও সুইমিংপুল মুদ্রার এপিঠ-ওপিঠ।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জ্ঞানের অভাবে কিছু ব্যক্তি শুধু বিরোধিতার খাতিরেই এই সুইমিংপুল নির্মাণের বিরোধিতা করছেন, যা দুঃখজনক। চট্টগ্রামে স্বাধীনতার ৪৭ বছরেও একটি সুইমিংপুল নির্মিত হয়নি।
সম্প্রতি সুইমিংপুলসহ বিভিন্ন বিষয়ে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনের মতবিরোধ দেখা দেয়। সুইমিংপুলের বিরোধিতা করে গতকাল বিকেলে আউটার স্টেডিয়ামে ছাত্রলীগ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।