মেয়র নাছিরের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলার রায় ২২ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ও ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে ২২ জুলাই। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদা রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার এ দিন ধার্য করেন।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. আবুল হাশেম বলেন, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত ২২ জুলাই রায় ঘোষণার দিন ধার্য রেখেছেন।
শুনানিতে সরকারি কৌঁসুলি আদালতকে জানান, মামলার আটজন সাক্ষী ঘটনার পর দেওয়া সাক্ষ্যে জনসভায় হামলা হয়েছে জানিয়েছেন আদালতকে। পরে জেরাকালে ওই সাক্ষীরা ঘটনার দিন জনসভায় কোনো বিশৃঙ্খলা হয়নি বলে জানিয়েছেন। মূলত ভুল-বুঝাবুঝির কারণে ওই সময় মামলাটি হয়েছিল। আসামি-বাদী সবাই তৎকালীন ছাত্রলীগের নেতা-কর্মী। রাষ্ট্রপক্ষ আদালতের কাছে এ মামলার ন্যায়বিচার প্রত্যাশী।
যুক্তিতর্কে আসামিপক্ষের আইনজীবী অনুপম চক্রবর্তী জানান, রাজনৈতিকভাবে হয়রানি করতে মামলায় আসামিদের জড়ানো হয়েছিল। সাক্ষীদের জবানবন্দিতে জনসভায় কোনো বিশৃঙ্খলা হয়নি বলে আদালতকে জানিয়েছেন। তাই তাঁদের এই মামলা থেকে অব্যাহতি দেওয়া আবেদন করেছেন তিনি।
১৯৯৩ সালের ২৪ জানুয়ারি লালদীঘি মাঠে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় তৎকালীন নগর ছাত্রলীগের নেতা সুফিয়ান সিদ্দিকীর ওপর অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করা হয়। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে সুফিয়ান সিদ্দিকী কোতোয়ালি থানায় নাছিরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন। ১৯৯৪ সালে এ মামলায় আসামিরা হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নেন। ২০১৪ সালের ৯ মার্চ তা প্রত্যাহার হয়। এ মামলায় গত ১ এপ্রিল আদালতে হাজির হয়ে জামিন নেন নাছির। ৬ এপ্রিল মামলার বাদীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। জেরাকালে বাদী দাবি করেন, তৎকালীন বিএনপি সরকারের চাপে পড়ে মামলাটি করেছিলেন তিনি।