কুমিল্লা সিটি করপোরেশন ঘোষণার পর থেকে মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির বেশ কয়েকজন নেতা নানামুখী তৎপরতা শুরু করেছেন। তাঁরা নানা কৌশল অবলম্বন করে নিজেদের প্রার্থিতার কথা জানান দিচ্ছেন।গত ১০ জুলাই কুমিল্লাকে সিটি করপোরেশন হিসেবে প্রজ্ঞাপন জারি করে সরকার। এই হিসেবে ছয় মাস বা আগামী বছরের ১০ জানুয়ারির মধ্যে ওই নির্বাচন করতে হবে। ২৭টি ওয়ার্ডে এই করপোরেশনে ভোটারসংখ্যা এক লাখ ৬৯ হাজার ১৭৪ জন।দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে মেয়র পদে নির্বাচন করতে চান কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খান, জেলা আওয়ামী লীগের সদস্য ও ব্যবসায়ী আফতাবুল ইসলাম এবং কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি মো. ওমর ফারুক। অন্যদিকে বিএনপি থেকে মেয়র পদে নির্বাচন করতে চান কেন্দ্রীয় বিএনপির পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক মনিরুল হক চৌধুরী ও সদ্যবিলুপ্ত কুমিল্লা পৌরসভার মেয়র মনিরুল হক সাক্কু।সরেজমিন করপোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সাংসদ বাহাউদ্দিনকে করপোরেশনের রূপকার আখ্যায়িত করে তাঁর সমর্থিত নেতা-কর্মী, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান ও পেশাজীবীরা শহরে ফেস্টুন, ব্যানার, বিলবোর্ড ও পোস্টার এঁটেছে। তাঁর সমর্থকদের দাবি, কুমিল্লা পৌরসভার সফল চেয়ারম্যান বাহাউদ্দিনকে মেয়র পদে মনোনয়ন দিলে আওয়ামী লীগ প্রথম নির্বাচনে ভালো ফল আনতে পারবে। তা ছাড়া তাঁর নিজস্ব ভোটব্যাংক ও কর্মী বাহিনী রয়েছে। আফজল খানও বিভিন্ন মহলে নিজের প্রার্থী হওয়ার কথা জানান দিয়েছেন। দোয়া চেয়েছেন।সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘দল চাইলে আমি নির্বাচন করব। আমাকে নিয়ে কুমিল্লার মানুষের প্রত্যাশা বেশি। আমার নিজেরও মেয়র পদে নির্বাচন করার ইচ্ছে আছে।’ আফজল খান বলেন, ‘নেত্রী মনোনয়ন দিলে নির্বাচন করব। দলের কাছে মনোনয়ন চাইব। আমার শুভানুধ্যায়ীরাও চান আমি প্রার্থী হই। ছাত্রজীবন থেকে এখন পর্যন্ত দলের জন্য খেটেই যাচ্ছি। আল্লাহর রহমত আর আমনেরার দোয়া থাকলে মনোনয়ন পাব।’আফতাবুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী বললে নির্বাচন করব। এর আগে আমাকে মাঠে নামিয়ে সংসদ সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়নি।’ মো. ওমর ফারুক বলেন, ‘এবার আমার জীবনের শেষ চেষ্টা থাকবে। আশা করি সবাই আমাকে এবার মূল্যায়ন করবে।’জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার বলেন, কেন্দ্র ও জেলা কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। যাঁকে মেয়র পদে মনোনয়ন দিলে আওয়ামী লীগ ফল পাবে, তাঁকেই হয়তো মনোনয়ন দেওয়া হবে। বিএনপির নেতা মনিরুল হক চৌধুরী বলেন, ‘আল্লাহ, দল ও জনগণ চাইলে আমি নির্বাচনে প্রার্থী হব। আমার আগ্রহের চেয়ে জনগণের আগ্রহটাই এখানে প্রধান।’ মনিরুল হক সাক্কু বলেন, ‘আমি কুমিল্লার জনগণের জন্য কাজ করেছি। আশা করি ভোটাররা আমার পক্ষে থাকবেন। আমি নির্বাচন করব।’এ ব্যাপারে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন বলেন, তৃণমূলের নেতা-কর্মী ও হাইকমান্ড এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। দল থেকে একক প্রার্থী দেওয়া হবে।