নরসিংদী পৌরসভার মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়েছে এবং এই পদে শিগগিরই উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।গত ১৭ নভেম্বর জারি করা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন গত মঙ্গলবার নরসিংদী পৌরসভায় পৌঁছায়। গত বৃহস্পতিবার পৌরসভার প্যানেল মেয়র জহিরুল ইসলাম এ কথা জানান।ওই প্রজ্ঞাপনে বলা হয়, নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেনের মৃত্যুতে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী গেজেট প্রকাশের মাধ্যমে মেয়র পদটি শূন্য ঘোষণা করা হলো। এই ঘোষণার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।অপর প্রজ্ঞাপনে বলা হয়, নতুন মেয়র দায়িত্ব না নেওয়া পর্যন্ত প্যানেল মেয়র জহিরুল ইসলামকে পৌরসভার আর্থিক লেনদেন সম্পন্ন করার ক্ষমতা দেওয়া হলো।এ ব্যাপারে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, ‘আমরা নরসিংদীর পরিবেশ পর্যবেক্ষণ করছি। নিয়মানুযায়ী মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’