মেয়র পদপ্রার্থী ছয়জনের বিরুদ্ধে ৪১ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ছয়জন প্রার্থীর বিরুদ্ধে থানায় ৪১টি মামলা হয়েছিল। এর মধ্যে ২০টি মামলায় তাঁরা খালাস বা অব্যাহতি পেয়েছেন। বাকি ২১টি মামলা বিচারাধীন। ধুনট উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১২ জানুয়ারি অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে মেয়র পদে আটজন মনোনয়নপত্র জমা দেন। তাঁদের মধ্যে বেলায়েত হোসেন তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আরেক প্রার্থী আশেকুর রশিদ জানান, তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করলেও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছন। কেন্দ্রীয় আওয়ামী লীগের সমর্থন নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ জি এম বাদশা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে আছেন। জেলা বিএনপির সমর্থন নিয়ে বর্তমান মেয়র পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোট চাইছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার আলম ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান। মেয়র পদে এসব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে শফিকুল ইসলাম খান ছাড়া প্রত্যেকের বিরুদ্ধে ধুনট থানায় একাধিক ফৌজদারি মামলা হয়েছিল। বিএনপি সমর্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলিমুদ্দিন হারুন মণ্ডল তাঁর বিরুদ্ধে হওয়া ১৩টি মামলা থেকে খালাস বা অব্যাহতি পেয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ জি এম বাদশার বিরুদ্ধে চারটি মামলাই বিচারাধীন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শরিফুল ইসলাম তাঁর বিরুদ্ধে সাতটি মামলার একটিতে খালাস ও একটিতে অব্যাহতি পেয়েছেন। বাকি পাঁচটি মামলা বিচারাধীন। আশেকুর রশিদের বিরুদ্ধে দুটি মামলার একটিতে তিনি খালাস পেয়েছেন। একটি মামলা বিচারাধীন। বনি আমিনের বিরুদ্ধে নয়টি মামলাই বিচারাধীন। বিএনপির বিদ্রোহী প্রার্থী আকতার আলমের বিরুদ্ধে হওয়া আটটি মামলার ছয়টিতে তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন। বাকি দুটি বিচারাধীন। উপজেলা নির্বাচন কর্মকর্তা রশিদুল হাসান জানান, মেয়র পদের প্রার্থীরা তাঁদের হলফনামায় এসব মামলার তথ্য দিয়েছেন। কিছু মামলা থেকে তাঁদের খালাস বা অব্যাহতি দেওয়া হয়েছে। অনেক মামলা এখনো বিচারাধীন।