মেয়র পদপ্রার্থীরা স্পর্শকাতর মামলায় অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাইয়ে এবার যাঁরা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁদের মধ্যে হত্যা, অগ্নিসংযোগ, চুরি, নারী নির্যাতনসহ স্পর্শকাতর জঙ্গি হামলা মামলায় অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছেন। এসব মামলায় কেউ সাজা ভোগ করেছেন, কেউ অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন, আবার কারও কারও মামলা আদালতে বিচারাধীন।কালাই পৌরসভায় এবার নয়জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুনুর রশিদ সরদার, জেলা যুবলীগের সহসভাপতি ও ভারপ্রাপ্ত মেয়র হেলাল উদ্দিন মোল্লা, বিএনপির একাংশ সমর্থিত আনিছুর রহমান তালুকদার, বিএনপির অপরাংশ সমর্থিত প্রার্থী হলেন রেজাউল করিম মণ্ডল ও কালাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল হক। এ ছাড়া স্বতন্ত্র থেকে তিনজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আবদুল আলিম, বজলুর রশিদ ও নূর আলম সিদ্দিক মো. রফিকুল ইসলাম।প্রার্থীদের হলফনামা সূত্রে জানা গেছে, পৌর বিএনপির সহসভাপতি আনিছুর রহমানের বিরুদ্ধে বহুল আলোচিত পীরের আস্তানায় জঙ্গি হামলা ও পাঁচ খুন মামলায় জড়িত থাকার অভিযোগ এনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইতিমধ্যে অভিযোগপত্র দাখিল করেছে। জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন ওই মামলায় অভিযুক্ত আনিছুর রহমান এবার কালাই পৌরসভায় বিএনপির একাংশের (সাংসদ গোলাম মোস্তফা সমর্থিত) সমর্থন নিয়ে মেয়র পদে প্রার্থী হয়েছেন। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় তিনি জঙ্গি হামলা মামলা সম্পর্কে সর্বশেষ ওই তথ্য দেন। ওই মামলা ছাড়াও আনিছুর রহমানের বিরুদ্ধে ২০০৫ সালে কালাই ব্র্যাক কার্যালয়ে বোমা হামলা ও ১৯৯২ সালে অন্য একটি মারামারি মামলায় অভিযোগ আনা হয়েছিল। বিস্ফোরকদ্রব্য আইনের ৩ ধারায় দায়ের করা ব্র্যাক কার্যালয়ে বোমা হামলা মামলায় তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। পরে জয়পুরহাটের বিশেষ আদালত-১ থেকে খালাস পান তিনি। এ কথাও তিনি হলফনামায় স্বীকার করেছেন।আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার হলফনামায় তাঁর বিরুদ্ধে নারী নির্যাতন, চুরি, মারামারিসহ ১০টি মামলার তথ্য দিয়েছেন। মামলাগুলো হলো ১৯৮২ ও ১৯৯১ সালের পৃথক দুটি চুরি মামলা, ১৯৯২ সালে মোটরযান দিয়ে হত্যা, চুরি ও মারামারির পৃথক তিনটি মামলা, ১৯৯৬ সালের একটি মারপিট মামলা, ১৯৯৭ সালের দুটি মারপিট মামলা, ২০০৮ সালের একটি নারী নির্যাতন মামলা এবং ১৯৯৬ সালের একটি মারপিট ও শ্লীলতাহানির মামলা। এর মধ্যে নারী নির্যাতন মামলাটি দায়ের করেছিলেন ছোটভাই ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক তালুকদারের স্ত্রী। এসব মামলার সবই নিষ্পত্তি হয়ে গেছে এবং তৌফিকুল ইসলাম নির্দোষ প্রমাণিত হয়েছেন। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী রেজাউল করিম মণ্ডলের (সাংসদ মোজাহার আলী প্রধান সমর্থিত) ১৯৮৩ সালের একটি হত্যা মামলায় সাজা হলেও পরে আপিল করায় বর্তমানে তা হাইকোর্টের আপিল বিভাগে বিচারাধীন। এ ছাড়াও ১৯৮৯ সালে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একটি চুরির মামলায় তিনি খালাস পেয়েছেন।জেলা যুবলীগের সহসভাপতি ও বর্তমান ভারপ্রাপ্ত মেয়র হেলাল উদ্দিন মোল্লা পৃথক তিনটি মারামারির মামলায় অভিযুক্ত হয়েছিলেন। ২০০৮ ও ২০১০ সালে কালাই থানায় দায়ের করা মামলা তিনটি থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।স্বতন্ত্র মেয়র প্রার্থী আবদুল আলিম ১৯৯৫ সালে সিঁধেল চুরি ও মালামাল উদ্ধার মামলায় দুই বছরের সাজা খেটেছেন। ১৯৯৭ সালের ৩১ জুলাই মামলার রায়ে পাঁচ বছর সাজা ঘোষণা করা হলেও উচ্চ আদালতে আপিল করায় পরে সাজার মেয়াদ কমিয়ে দুই বছর বহাল রাখা হয়। মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুনুর রশীদ সরদার ১৯৯৯ সালে একটি অগ্নিসংযোগ মামলায় অভিযুক্ত হয়েছিলেন। পরে মামলাটি জয়পুরহাট ম্যাজিস্ট্রেট আদালত খারিজ করে দেন। অপর মেয়র প্রার্থী বজলুর রশীদও ১৯৯৬ সালে একটি মারপিট মামলায় অভিযুক্ত হয়েছিলেন। পরে ওই মামলা থেকে খালাস পান তিনি।কালাইয়ের রিটার্নিং কর্মকর্তা মু. আবদুর রহিম বলেন, ‘নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ার যে যোগ্যতা নিরূপণ করে দিয়েছে, সে অনুয়ায়ী তাঁদের প্রার্থী হতে কোনো বাধা নেই।’ সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার জানান, হলফনামায় প্রার্থীরা যেসব তথ্য দিয়েছেন, সেসব বেশি বেশি করে প্রচার করলে ভোটাররা দেখে-শুনে-বুঝে ভোট দিতে পারতেন।