নরসিংদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের সমর্থন চেয়েছেন সাতজন। এ নিয়ে গত মঙ্গলবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার দিয়েছেন তাঁরা। তবে কাকে সমর্থন দেওয়া হবে, গতকাল বুধবার পর্যন্ত তা চূড়ান্ত করতে পারেনি আওয়ামী লীগ। এদিকে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার। ইতিমধ্যে মেয়র পদে ২০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন নিহত মেয়র লোকমান হোসেনের ছোট ভাই ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কামরুজ্জামান ওরফে কামরুল। মনোয়নপত্র জমা শেষে তিনি সমর্থকদের নিয়ে শালিধায় পৌর কবরস্থানে লোকমানের কবর জিয়ারত করেন।আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, নরসিংদী পৌর মেয়র পদে আওয়ামী লীগ কাকে সমর্থন দেবে, এটি ঠিক করতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এ হাদীকে আহ্বায়ক করে ১৩ সদস্যের মনোনয়ন বোর্ড গঠন করা হয়েছে। হাদী ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। পাশাপাশি মনোনয়ন বোর্ডের বেশির ভাগ সদস্যের বাড়ি নরসিংদী শহরের বাইরে ও বিভিন্ন উপজেলায়।মনোনয়ন বোর্ড সূত্র জানায়, গত মঙ্গলবার সকালে সদর সড়কের আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় এস এ হাদীসহ মনোনয়ন বোর্ডের নয় সদস্য উপস্থিত ছিলেন। সভা শেষে আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশী সাতজন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়। তাঁরা হলেন নিহত লোকমানের ছোট ভাই জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কামরুজ্জামান, লোকমান হত্যা মামলার ২ নম্বর আসামি জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল মতিন সরকারের ছোট ভাই শওকত আলী সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপদেষ্টা মোজাম্মেল হক ভূঁইয়া, সদস্য আসুদুজ্জামান খোকন ও শহর আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন ভূঁইয়া।মেয়র পদে লোকমান হত্যা মামলার ৪ নম্বর আসামি শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়াও দলের সমর্থন চেয়েছেন। তিনি পলাতক থাকায় মঙ্গলবার তাঁর পক্ষে সাক্ষাৎকার দেন বড় ভাই মোস্তাক আহমেদ ভূঁইয়া। সাক্ষাৎকার শেষে চূড়ান্তভাবে প্রার্থিতা ঘোষণার নিয়ম থাকলেও তা হয়নি। মনোনয়ন বোর্ডের সদস্যরা জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামানের নেতৃত্বে ঢাকায় যান। সেখানে নরসিংদীর সাংসদদের নিয়ে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান। কিন্তু প্রধানমন্ত্রীর সাক্ষাতের সময় অতিক্রান্ত হওয়ায় তাঁদের সাক্ষাৎ সম্ভব হয়নি বলে জানান সদরের সাংসদ নজরুল ইসলাম।লোকমানের ভাই মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘দলের নিয়ম অনুযায়ী সমর্থন ফরম কিনে জমা দিয়েছি। পাশাপাশি মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকারও দিয়েছি। দল আমাকে বাদ দিয়ে পরিবারের অন্য কাউকে নির্বাচন করার প্রস্তাব দিচ্ছে।’কামরুজ্জামান বলেন, ‘দল পরিবারের অন্যকে সমর্থন দিতে পারলে আমাকে দিলে সমস্যা কোথায়? আমাকে তো পরিবারের সম্মতিতে মা নির্বাচনের অনুমতি দিয়েছেন।’এ ব্যাপারে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান বলেন, মনোনয়ন বোর্ড নিয়ম অনুযায়ী প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছে। এখন বোর্ডই সিদ্ধান্ত নেবে, যোগ্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগ কাকে সমর্থন দেবে।এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে পরিবার নয়, ব্যক্তির রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষতা ও গ্রহণযোগ্যতাকেই বিবেচনা করা হবে।মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২০ জন: মেয়র পদে আওয়ামী লীগের সাতজন ছাড়া আরও ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন: জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির, ওমর প্রধান, মো. আফজাল হোসেন, এ কে এম আশরাফুল হক, মাসুম আহমেদ, আরিফুল ইসলাম, নরসিংদী পৌরসভার সাবেক চেয়ারম্যান আবুল হায়াত সরকার, সাবেক ফুটবল খেলোয়াড় সুভাষ চন্দ্র সাহা, আরিফুল ইসলাম, গোলাম মোস্তফা খান, মোছাব্বির আহমেদ ও সাদেকুর রহমান।রিটার্নিং কর্মকর্তা নিয়োগ: জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আগামী ১৯ জানুয়ারি নরসিংদী পৌরসভার উপনির্বাচন হবে। ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশনের ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষক মো. আবদুল ওয়াদুদকে নিয়োগ দেওয়া হয়েছে।