মেয়র পদে আ.লীগের তিন নেতা বিএনপির সঙ্গে নেই জামায়াত
পটুয়াখালীর গলাচিপা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের তিন নেতার কেউ সরে দাঁড়াননি। বিএনপির পক্ষে একজন প্রার্থী থাকলেও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের নায়েবে আমির মু. শাহ আলম। আগামী ১২ জুন গলাচিপা পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়র পদপ্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং বর্তমান মেয়র আবদুল ওহাব খলিফাকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম ও সাংসদ গোলাম মাওলাসমর্থিত অংশের নেতা মু. মামুন আজাদ প্রার্থিতা প্রত্যাহার করেননি। বিএনপিসহ চারদলীয় জোটের একক প্রার্থী মনোনয়নের চেষ্টাও সফল হয়নি। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তালেব মিয়াকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। জামায়াতের নেতা মু. শাহ আলমও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।মেয়র পদপ্রার্থী মাইনুল ইসলাম বলেন, ‘গত নির্বাচনেই আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম। তখন আমাকে বলা হয়েছিল, এবারের নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়া হবে। নির্বাচনে আমি ভোটারদের সিদ্ধান্ত মেনে নেব।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হারুন অর রশিদ বলেন, ‘আমরা উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভায় প্রার্থী মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় বিষয়টি জেলা কমিটির কাছে দিয়েছিলাম। পরে কেন্দ্রীয় কমিটির পরামর্শে জেলা আওয়ামী লীগ আবদুল ওহাব খলিফাকে প্রার্থী মনোনীত করে। সমঝোতার মাধ্যমে মাইনুল ইসলামের মনোনয়নপত্র প্রত্যাহার করানোর জন্য আমরা চেষ্টা করেছি। যদিও তিনি মনোনয়ন প্রত্যাহার করেননি। তবে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। এখনো সবকিছু শেষ হয়ে যায়নি।’ মু. মামুন আজাদ বলেন, ‘আমিই উপজেলা আওয়ামী লীগ ও সাংসদ গোলাম মাওলাসমর্থিত প্রার্থী।’জামায়াতের নেতা মু. শাহ আলম বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে জামায়াত করি। কিন্তু নির্বাচনে আমি দলীয় মনোনয়ন নিয়ে মাঠে নামিনি। আমি আমার ব্যক্তিগত জনপ্রিয়তা নিয়ে নির্বাচন করতে চাই।’