চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে গতকাল রোববার মেয়র পদে ১৩টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এ নিয়ে তিন দিনে মোট ২৪ জন মেয়র পদে মনোনয়নপত্র নিলেন। আর কাউন্সিলর পদে ৪০২ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫৫ জন মনোনয়নপত্র নিয়েছেন।নির্বাচন কমিশনের একটি সূত্র বলেছে, কোনো কোনো প্রার্থী একাধিক মনোনয়নপত্র নিয়েছেন। এ কারণে মোট কতজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। আগামী বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়নপত্র নেওয়া ও জমা দেওয়া যাবে। আগামী ১ জুন মনোনয়নপত্র প্রত্যাহার শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।সূত্র জানায়, গতকাল মেয়র পদে চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও আওয়ামী লীগদলীয় সাংসদ এম আবদুল লতিফের পক্ষে তাঁর অনুসারীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ছাড়া দলের নগর কমিটির নেতা আ জ ম নাছির উদ্দীন, মাহতাবউদ্দিন চৌধুরীসহ ১৩ জন মনোনয়নপত্র নেন। লতিফ, নাছির ও মাহতাব—তিনজনই মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরোধী বলে পরিচিত। তবে লতিফ সাংসদ পদ ছেড়ে আদৌ নির্বাচন করবেন কি না তা নিয়ে তাঁর সমর্থকেরাই সংশয় প্রকাশ করেন। কোনো সাংসদকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে সাংসদ পদ থেকে পদত্যাগের বিধান আছে। সাংসদ লতিফ জাপানে থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।কমিশন সূত্র জানায়, মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদানে পাঁচজনের বেশি লোকের জমায়েতে নিষেধাজ্ঞা আছে। এ সময় কোনো মিছিল-সমাবেশও করা যায় না। কিন্তু সাংসদ লতিফের সমর্থকেরা গতকাল মিছিল-সমাবেশ করে নির্বাচন কমিশনের জামালখান কার্যালয় থেকে মনোনয়নপত্র নেন। এটা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।জানা যায়, মিছিলের শব্দ শুনে রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী নিজেই তাঁর কক্ষ থেকে বেরিয়ে এসে পাঁচজনকে তাঁর সঙ্গে দেখা করতে বলে নিজের চেয়ারে ফিরে যান। পরে লতিফের প্রধান সমন্বয়কারী ছৈয়দ মুহাম্মদ এনামুল হক মুনিরীর নেতৃত্বে প্রায় ১০ জন গিয়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করেন। এ সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘কেন আপনারা আইন মানবেন না? কেন আচরণবিধি পড়বেন না? আপনারা কেন মিছিল করবেন? যাঁরা আইন তৈরি করবেন, তাঁরা যদি আইন ভাঙেন সেটা তো দুঃখজনক।’রিটার্নিং কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা শিগগিরই এটা দেখতে পাবেন।’ কী ব্যবস্থা নেওয়া হতে পারে তা তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন। মেয়র পদে নিজের মনোনয়নপত্র নেওয়ার পর আ জ ম নাছির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘দল থেকে এখনো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। দল আমাকে সমর্থন না দিলেও আমি দলসমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করব।’