শরীয়তপুরের পাঁচটি পৌরসভায় আওয়ামী লীগের ১১ জন ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন। তাঁরা দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
আওয়ামী লীগের স্থানীয় সূত্রে জানা গেছে, সদরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম কোতোয়াল। দলীয় মনোনয়ন না পেয়ে এখানে জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ তালুকদার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
নড়িয়ায় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র হায়দার আলী। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন ব্যাপারী, পৌর আওয়ামী লীগের সদস্য শহীদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। শহীদুল ইসলাম বলেন, ‘তৃণমূলের নেতারা আমার নাম প্রস্তাব করেছিল। কিন্তু তা উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে।’ ভেদরগঞ্জে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মান্নান হাওলাদার। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান ব্যাপারী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল জব্বার রাড়ি ও উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক আবুল বাশার চোকদার। আবদুল মান্নান ব্যাপারী বলেন, ‘তৃণমূলের মতামতের ভিত্তিতে মনোনয়ন দেওয়ার কথা, কিন্তু তা মানা হয়নি। আমি এ মনোনয়ন মানি না। তাই স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’
ডামুড্যায় দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম। রেজাউল করিম বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীদের অনুরোধে প্রার্থী হয়েছি। আশা করছি ভোটাররা আমাকে নির্বাচিত করবে।’
জাজিরায় দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউনূছ ব্যাপারী। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আক্কাস মুন্সী, বর্তমান মেয়র ও জেলা যুবলীগের সদস্য আবুল খায়ের ফকির ও উপজেলা যুবলীগের সদস্য খোকন তালুকদার।
আবুল খায়ের ফকির বলেন, ‘তৃণমূল থেকে নেত্রীর কাছে আমার নাম প্রস্তাব করা হয়েছিল। একটি পক্ষ প্রভাব বিস্তার করে আমার নাম বাদ দিয়ে ইউনূছ ব্যাপারীকে মনোনয়ন দিয়েছে। এর প্রতিবাদে আমি প্রার্থী হয়েছি।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেন, দলের যেসব নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাঁদের সঙ্গে সভা করে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বলা হবে। প্রত্যাহার না করলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।