ফেনী পৌরসভা ও নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার মেয়র পদে উপনির্বাচন আজ শনিবার।
ফেনীতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। আওয়ামী লীগের সমর্থন নিয়ে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলা উদ্দিন। আর ১৮-দলীয় জোট-সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন ফেনী পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন।
সূত্র জানায়, ফেনী পৌরসভার ৩০টি ভোটকেন্দ্রকেই গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। পৌরসভার মোট ভোটার ৭৭ হাজার ৫০৮ জন।
এদিকে চৌমুহনী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগ এবং ১৮-দলীয় জোট-সমর্থিত প্রার্থীসহ নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ দলের পৌর শাখার সভাপতি আক্তার হোসেন ফয়সালকে সমর্থন দিলেও দলের আরও তিনজন সমর্থক প্রার্থী হয়েছেন।
১৮ দলের পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়েছে পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন ওরফে হারুনকে। কিন্তু তিনি ছাড়াও বিএনপির আরও চারজন সমর্থক প্রার্থী হয়েছেন। তাঁদের মধ্যে দুজন অবশ্য জহির উদ্দিনের সমর্থনে নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়িয়েছেন।
উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন-উর রশিদ প্রথম আলোকে বলেন, নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে।
চৌমুহনী পৌরসভায় ভোটার ৪৪ হাজার ২০৫ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১৮টি।