মেয়র পদে এককাট্টা হতে চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু পৌরসভা ২০০২ সালে প্রতিষ্ঠিত। ২০১১ সালে দ্বিতীয় নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ মেয়র নির্বাচিত হন। তখন দলীয় কোন্দলের কারণে মেয়র পদটি হারায় বিএনপি। এবার পদটিতে জয় পেতে এককাট্টা হতে চায় দলটি।
এ বিষয়ে গত শনিবার উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আবদুর রশিদ বলেন, ‘২০০৩ সালে পৌরসভার প্রথম নির্বাচনে উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি ফরিদুর রহমান মেয়র নির্বাচিত হন। কিন্তু দলীয় কোন্দলের কারণে গত নির্বাচনে আমাদের পরাজয় মানতে হয়। এবার দলীয় প্রতীকে ভোট হবে, তাই তৃণমূল নেতাদের পরামর্শে মাঠে যাঁর অবস্থান ভালো তাঁকেই দল থেকে সমর্থন দেওয়া হবে। শেষমেশ দলীয় একজন প্রার্থী হলে এবার মেয়র পদে তাঁর জয় পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।’
তবে এখনো দলীয় কোন্দল স্পষ্ট। ওয়ার্ড কমিটির সভাপতি আবদুল মান্নান বলেছেন, গত নির্বাচনে মাত্র ১৩৭ ভোটে হেরে যান। তবে এবার জয়ী হতে চান। শিগগিরই মনোনয়নপত্র কিনবেন তিনি।
বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম বলেছেন, তিনি মনোনয়নপত্র কিনেছেন। তবে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র হেলাল উদ্দিন বলেন, ‘আমি এবারও মনোনয়ন প্রত্যাশী। ইতিমধ্যে মনোনয়নপত্র কিনেছি। তৃণমূল নেতা-কর্মীদের সমর্থনে জেলা নেতারা মনোনয়ন চূড়ান্ত করবেন।’ মেয়রের সহোদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামাল উদ্দিন কবিরাজও মনোনয়নপত্র কিনেছেন।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, ‘এবার আমি মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে যাব না।’
এদিকে জামায়াতের বেশির ভাগ নেতার বিরুদ্ধে নাশকতার মামলা থাকায় এবং কয়েকজন নেতা কারাগারে থাকায় দলটি প্রকাশ্যে মাঠে নেই। জাতীয় পার্টির কোনো মনোনয়ন প্রত্যাশীর খবরও পাওয়া যায়নি।