মেয়র পদে একজন নারীসহ সাতজনের মনোনয়নপত্র বৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলমের স্থগিত মনোনয়নপত্র এবার বাতিল করা হয়েছে। গতকাল সোমবার যাচাই-বাছাই শেষে জাহাঙ্গীরসহ মেয়র পদে দুজনের মনোনয়নপত্র বাতিল এবং একজন নারীসহ সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।সাধারণ কাউন্সিলর পদে ৫৭টি ওয়ার্ডে ৫০০ জন প্রার্থীর মধ্যে ৪৮০ জন এবং ১৯টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩০ জনের মধ্যে ১২৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।মেয়র পদের প্রার্থীরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লা খান, বিএনপি-সমর্থিত দলের চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী মাহমুদ হাসান, সম্মিলিত ইসলামী ফোরামের নেতা মাওলানা মো. ফজলুর রহমান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের জেলা আহ্বায়ক মেজবাহ উদ্দিন সরকার, স্বতন্ত্র প্রার্থী রীনা সুলতানা ও মো. আমান উল্লাহ।রিটার্নিং কর্মকর্তা মো. মতিয়ার রহমান জানান, গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থেকে পদত্যাগ করা জাহাঙ্গীর আলমের পদত্যাগপত্রটি না পাওয়ায় গত রোববার তাঁর মনোনয়নপত্র স্থগিত করা হয়। গতকাল বিকেল পর্যন্ত পদত্যাগপত্র না পাওয়ায় ওই মনোনয়নপত্র বাতিল করা হয়। এর আগে রোববার আরেক মেয়র পদপ্রার্থী নাজিম উদ্দিন আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয় ব্যাংকে তাঁর ছেলের ঋণ থাকায়।মনোনয়নপত্র বাতিলের ব্যাপারে সম্মিলিত নাগরিক কমিটির মো. জাহাঙ্গীর আলম জানান, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে গতকাল তিনি বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেছেন। শুনানি ১৩ জুন ধার্য করা হয়েছে। তবু প্রার্থিতা ফিরে না পেলে উচ্চ আদালতে রিট করা হবে।নির্বাচন কর্মকর্তারা জানান, ঋণখেলাপি, মামলা, তথ্যে গরমিল থাকা, প্রয়োজনীয় কাগজপত্রের স্বল্পতাসহ বিভিন্ন বিষয়ে যাচাই-বাছাই করে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের মনোনয়ন বৈধ ও অবৈধ ঘোষণা করা হয়।পাঁচ ডেকচি খিচুড়ি জব্দ: সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের দেশীপাড়ার ডাক্তারবাড়ি-সংলগ্ন এলাকায় গতকাল রাত সাড়ে আটটার দিকে ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সামাদ ৪০০ থেকে ৫০০ লোকের জন্য খিচুড়ি রান্না করে বিতরণ করছিলেন। খবর পেয়ে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচ ডেকচি খিচুড়ি জব্দ করে। টের পেয়ে কাউন্সিলর পদপ্রার্থী পালিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান।