নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে একমাত্র নারী প্রার্থী ফারজানা আক্তার। তিনি ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী। পৌরসভার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নারী ও শিশুদের নিয়ে কাজ করতেই পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন বলে জানান ফারজানা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের ভেলানগর বাজারে কথা হয় এই প্রতিবেদকের সঙ্গে। ফারজানা বলেন, ১৯৯০ সালে মাধ্যমিক পাস করে তিনি নরসিংদী সরকারি কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৯৪ সালে উচ্চমাধ্যমিক ও ১৯৯৬ সালে বিএ পাস করেন। ২০১০ সালে যশোরের সেনাবাহিনীর সৈনিক জিল্লুর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁর স্বামী সেনাবাহিনী থেকে অবসর নিয়ে বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। ২০১৪ সালের জুন মাসে ন্যাশনাল পিপলস পার্টিতে যোগ দিয়েই জেলা কমিটির মহিলাবিষয়ক সম্পাদকের পদ পান। স্থানীয়ভাবে নারী ও শিশু নির্যাতন নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে।
ফারজানা আক্তারের হলফনামা ঘেঁটে দেখা যায়, গৃহিণী হিসেবে তাঁর নিজের কোনো আয় নেই। তবে স্বামীর চাকরি থেকে আয় দেখিয়েছেন ১ লাখ ২০ হাজার টাকা। প্রার্থীর পরিবারের কোনো দায়দেনা নেই। অস্থাবর সম্পত্তি হিসেবে রয়েছে ২০ হাজার টাকা, ব্যাংকে পাঁচ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকারসহ ঘরের আসবাব। স্থাবর সম্পত্তি হিসেবে বাবার বাড়ি থেকে পাওয়া ৩ শতাংশ জমির ওপর তিন কক্ষের একটি টিনশেড ভবন।
বিলারদী এলাকার রুবি চৌধুরী বলেন, নারায়ণগঞ্জের মতো এখানে একজন নারী মেয়র হলে ভালো হতো। তাহলে তিনি নারীদের সমস্যাগুলো বুঝতে পারতেন।
তরোয়া মহল্লার আসমা আক্তার বলেন, ফারজানা আক্তার এলাকায় খুব একটা পরিচিত নন। তিনি কতটুকু কী করতে পারবেন বোঝা যাচ্ছে না।
ফারজানা আক্তার বলেন, ‘আমি যে তরোয়া মহল্লায় বাস করি, সেখানে নিম্ন আয়ের লোকজনের বাস। তাঁদের মধ্যে শিক্ষা ও আধুনিক পরিবেশের যথেষ্ট অভাব। আর এসব কারণে তাঁরা বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। এই বোধ থেকেই একজন জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা।’