পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনে গতকাল বুধবার চট্টগ্রাম জেলার ১০টি পৌরসভার কোনোটিতেই মেয়র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেননি। চট্টগ্রামের মিরসরাই, বারইয়ারহাট, সন্দ্বীপ, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া, পটিয়া, রাউজান, রাঙ্গুনিয়া ও সীতাকুণ্ড পৌরসভায় নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনে মেয়র প্রার্থীরা ফরম নিতে আসেননি। কাউন্সিলর প্রার্থীরাও ফরম নিয়েছেন কি না, আমার কাছে তথ্য নেই। সাধারণত শেষ মুহূর্তে প্রার্থীরা ফরম সংগ্রহ করে জমা দেন। এবারও হয়তো তাই হবে।’
সম্ভাব্য কয়েকজন মেয়র পদপ্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়র পদের নির্বাচন দলীয় প্রতীকে হওয়ার কারণে তাঁরা দলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং সন্দ্বীপ পৌরসভার মেয়র মো. জাফর উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমি দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। বৃহস্পতিবার (আজ) ঢাকায় আওয়ামী লীগের বৈঠকে পৌরসভা নির্বাচন নিয়ে আলোচনা হবে বলে শুনেছি। আমি এবারও প্রার্থী হতে আগ্রহী। দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’
পটিয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা ছৈয়দ আবু সাইদ প্রথম আলোকে বলেন, ‘আমরা সারা দিন ফরম নিয়ে অপেক্ষা করেছি। কেউ মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেননি।’