মেয়র পদে চাচা ভাতিজার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুটি রাজনৈতিক দল থেকে একই পরিবারের দুজন মনোনয়ন পেয়েছেন। তাঁরা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মল্লিক মোহাম্মদ আইউব ও জাতীয় পার্টি (জাপা) থেকে মনোনয়ন পেয়েছেন উপজেলা জাতীয় পার্টি ও উদীচীর সভাপতি আবুল কালাম আজাদ মল্লিক। মল্লিক মোহাম্মদ আইউবের ভাতিজা আবুল কালাম আজাদ মল্লিক। তাঁরা দুজনই নিজ নিজ দলের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন।
পাথরঘাটা পৌরসভা নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশীদ বলেন, মেয়র পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন মল্লিক মোহাম্মদ আইউব, আবুল কালাম আজাদ মল্লিক, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন আকন এবং মো. মনিরুজ্জামান খান।
শহরের লিগারপট্টির চা-বিক্রেতা মো. সোহাগ বলেন, মেয়র পদে চাচা ও ভাতিজার লড়াই নিয়েই উৎসুক মানুষের আলোচনার শেষ নেই। ওই পট্টির আরেক চা-বিক্রেতা টিটু মিস্ত্রি বলেন, মূলত বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চায়ের দোকান এখন জমজমাট। আলোচনাও শুধু চলছে নির্বাচন নিয়ে। তবে মেয়র পদে দলীয় প্রার্থীদের বাইরেও চাচা-ভাতিজার লড়াই নিয়ে আলোচনা তুঙ্গে।
আবুল কালাম আজাদ মল্লিক বলেন, ‘দলীয় পরিচয় নিয়ে আমি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। এ ছাড়া চাচা দীর্ঘদিন মেয়র পদে আছেন। এবার ভোটাররা আমাকে সুযোগ দেবেন এ আশা করছি।’
মল্লিক মোহাম্মদ আইউব বলেন, ‘বিএনপির প্রার্থী হয়ে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে আমি জয়ী হব।’ তবে তিনি চাচা-ভাতিজার প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি।