মেয়র পদে চারজনের প্রার্থিতা চূড়ান্ত
পঞ্চগড় পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজনের প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। অন্যদিকে কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল হান্নান এ তথ্য জানান।
স্থানীয়ভাবে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন বর্তমান মেয়র ও পৌর বিএনপির সভাপতি তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মির্জা সারোয়ার হোসেন, জেলা জাসদ সভাপতি আবদুল মজিদ, জেলা জামায়াতের আমির আবদুল খালেক।
পঞ্চগড় পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ছয়জন প্রার্থী থেকে একজনের মনোনয়ন চূড়ান্ত করেছে জেলা আওয়ামী লীগ। প্রার্থী মনোনীত করতে পৌর আওয়ামী লীগের নেতাদের নিয়ে গত শনিবার গভীর রাতে সার্কিট হাউসে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সাংসদ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত ছাড়াও নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মির্জা সারোয়ার হোসেনকে মেয়র পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
সাংসদ নুরুল ইসলাম বলেন, সবার সঙ্গে আলোচনা করে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। মির্জা সারোয়ার হোসেন বলেন, ‘দলীয়ভাবে আমাকে মেয়র পদের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আজ মঙ্গলবার আমি মনোনয়নপত্র সংগ্রহ করব।’
জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মজিদ বলেন, ‘আমি মেয়র পদের জন্য নির্বাচনী প্রচারণা শুরু করেছি।’
জেলা জামায়াতে ইসলামীর আমির আবদুল খালেক বলেন, ‘দলীয়ভাবে নির্বাচন করতে না পারলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি নির্বাচন করব।’ তিনি এর আগে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
বর্তমান মেয়র তৌহিদুল ইসলাম চারবারের নির্বাচিত মেয়র। বিএনপির একক প্রার্থী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছিলেন। কয়েক বছর ধরে তিনি ব্যানার-ফেস্টুনে ঈদ, পূজাসহ বিভিন্ন উৎসব-পার্বণে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে আসছিলেন। এ ছাড়া পৌর এলাকার বিভিন্ন অনুষ্ঠানে ব্যক্তিগত অনুদান দেওয়াসহ অতিথি হিসেবে উপস্থিত থাকতেন। গত পবিত্র রমজানে সব ওয়ার্ডে ইফতার মাহফিলের আয়োজনও করেছিলেন তিনি।
তৌহিদুল ইসলাম বলেন, ‘আমার বিশ্বাস—দল আমাকেই চূড়ান্ত মনোনয়ন দেবে। দলীয় বা যেকোনো প্রতীকেই আমি নির্বাচন করতে প্রস্তুত।’