রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গতকাল রোববার মেয়র পদে ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৪৫ জন।কেন্দ্রীয় সিদ্ধান্ত না পাওয়ায় মনোনয়নপত্র জমা দেননি সাবেক মেয়র, বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের রাজশাহী মহানগর কমিটির সভাপতি মিজানুর রহমান।গতকাল নাগরিক কমিটির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদ্য পদত্যাগ করা মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান। একই দিন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক, রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. জাহাঙ্গীর এবং হাবিবুর রহমান ও কলেজ শিক্ষক মীর মোজাম্মেল আলী মনোনয়নপত্র জমা দেন।মোসাদ্দেক হোসেন বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তাঁদের একজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে মিজানুর রহমান বলেন, দলের যুগ্ম মহাসচিব হওয়ায় তিনি দলীয় সিদ্ধান্ত ছাড়া মনোনয়নপত্র উত্তোলন করতে পারেন না।