মেয়র পদে ছয়জনের মনোনয়নপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ছয়জন, ৩১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৮৭ জন এবং ১০টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল রোববার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগের সদ্য বিদায়ী মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম, নগর কমিটির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ও নগর বিএনপির উপদেষ্টা সেকেন্দার জাফর উল্লাহ খান, জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম ও জেলা মুসলিম লীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে গাড়িতে চড়ে গতকাল বেলা একটায় তালুকদার আবদুল খালেক মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তিনি বলেন, ‘নাগরিক কমিটির প্রার্থী হিসেবে নির্বাচন করলেও আমার দল ১৪ দলসহ স্বাধীনতার পক্ষের শক্তি আমাকে সমর্থন জানিয়েছে। বিগত পাঁচ বছরে আমার কাজের মূল্যায়ন ও অসম্পূর্ণ উন্নয়নকাজ শেষ করার জন্য আশা করি নগরবাসী আমাকে আরও একবার নির্বাচিত করবে।’মো. মনিরুজ্জামান বলেন, সরকারের ব্যর্থতার কারণে মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। তাই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সেনা মোতায়েন করতে হবে।রিটার্নিং কর্মকর্তা মোস্তফা ফারুক জানান, ১৫ ও ১৬ মে মনোয়নপত্র বাছাই করা হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে।এদিকে বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে গত শনিবার উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরিতে এক বিশেষ সভায় তালুকদার আবদুল খালেকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে সাবেক স্পিকার ও বিএনপির সাবেক নেতা শেখ রাজ্জাক আলীকে। ১০১ সদস্যের কমিটিতে এনায়েত আলীকে যুগ্ম চেয়ারম্যান ও শাহ জাহাঙ্গীর আবেদকে সদস্যসচিব নির্বাচিত করা হয়। এ ছাড়া খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন ও নগর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আলমগীর কবীরকে যুগ্ম সমন্বয়কারী করা হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফায়েক উজ্জামান ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ আলগীর।শেখ রাজ্জাক আলী বলেন, ‘আমি পাঁচ-ছয় বছর ধরে রাজনীতি থেকে দূরে আছি। তালুকদার সাহেব পাঁচ বছরে খুলনার চেহারা পাল্টে দিয়েছেন। তাই আমার বিশ্বাস, তাঁকে মেয়র নির্বাচিত করলে খুলনার আরও উন্নয়ন হবে।’