পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় মেয়র পদের উপনির্বাচনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গতকাল বুধবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তাঁরা মনোনয়নপত্র দাখিল করেন।
আওয়ামী লীগের সমর্থন নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন পৌর যুবলীগের সাবেক সভাপতি আলী আহসান। তিনি প্রয়াত মেয়র আবদুল ওহাব খলিফার ছেলে। বিএনপির সমর্থন নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন খান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির উপদেষ্টা আবু তালেব মিয়া মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, উপনির্বাচনের তফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই, ১৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, ১৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়েছে। আগামী ৬ মার্চ এই উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
গত বছরের ৭ আগস্ট গলাচিপা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল ওহাব খলিফা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। ওই বছরের ৮ নভেম্বর তিনি মারা যান। গলাচিপা পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৩৬১ জন। এর মধ্যে নারী ভোটার ৭ হাজার ৩৩৪ জন।