দুই প্রার্থী শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভী অনড় অবস্থান নেওয়ায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় সমর্থন চূড়ান্ত করতে পারেনি আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার মধ্যরাত পর্যন্ত দলের শীর্ষনেতাদের নিয়ে দুই প্রার্থীর সঙ্গে আলোচনা করেন। কিন্তু মেয়র পদে উভয় অনড় অবস্থান নেওয়ায় সমঝোতা হয়নি। দুই প্রার্থীকে আস্থায় নিয়ে সমঝোতায় পৌঁছাতে কিছুটা সময় নেওয়ার কৌশল নিয়েছেন আওয়ামী লীগের শীর্ষনেতারা। একাধিক নির্ভরযোগ্য সূত্রে এসব খবর পাওয়া গেছে।সূত্র জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলের সমর্থনপ্রত্যাশী দুই প্রার্থী শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভীকে মেয়র ও সাংসদ পদের মধ্যে কে কোন পদে নির্বাচন করবেন, তা তাঁদের নিজেদেরই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী তিন-চার দিনের মধ্যে তাঁদের সমঝোতায় পৌঁছাতে বলা হয়েছে। এ ক্ষেত্রে তাঁরা ব্যর্থ হলে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও তাঁর উপদেষ্টা এইচ টি ইমামকে নিয়ে নারায়ণগঞ্জের পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। এরপর তিনি বৈঠক স্থগিত রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে বৈঠক করেন। এরশাদের সঙ্গে বৈঠক শেষ করার পর প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আবারও বৈঠকে বসেন। একপর্যায়ে বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি যোগ দেন। সম্ভাব্য দুই প্রার্থী শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভীকেও প্রধানমন্ত্রী বৈঠকে ডেকে নেন।