মেয়র পদে দুই সহোদরের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুই সহোদর ও দুটি ওয়ার্ডে কাউন্সিলর পদে চার চাচাতো ভাই লড়াইয়ে নেমেছেন।
যাচাই-বাছাই শেষে গতকাল রোববার তাঁদের মনোনয়নপত্রগুলো বৈধ বলে ঘোষণা করা হয়।
নান্দাইল পৌরসভার বর্তমান মেয়র এ এফ এম আজিজুল ইসলাম মেয়র পদে বিএনপি-সমর্থিত প্রার্থী। তাঁর বড় ভাই মো. শফিকুল ইসলাম মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরিবারের কয়েকজন সদস্য বলেন, পরিবারের পক্ষ থেকে অনেক চেষ্টা করেও তাঁদের একে অপরের বিরুদ্ধে নির্বাচনে নামা থেকে বিরত রাখা যায়নি। গতকাল মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ার পর ভাইয়ে-ভাইয়ে লড়াই জমতে শুরু করেছে।
৫ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন চার চাচাতো ভাই। ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী দুই চাচাতো ভাই মো. রেজাউল করিম ভূঁইয়া ও মো. হুমায়ুন কবীর। রেজাউল বলেন, তিনি গত নির্বাচনে তৃতীয় হয়েছিলেন। এবার জয়ী হবেন বলে আশা রাখেন। হুমায়ুন কবীরের ছোট ভাই মাহমুদুল হক বলেন, নতুন প্রার্থীর সুযোগ এলে সেও নির্বাচন করবে—এটাই স্বাভাবিক।
অন্যদিকে ২ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন বর্তমান কাউন্সিলর মো. শফিকুল ইসলাম ভূঁইয়া ও তাঁর চাচাতো ভাই মো. সুলতান হোসেন ভূঁইয়া। দুই পক্ষই নির্বাচন করবেন বলে তাঁদের সমর্থকেরা বলছেন।