জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার মেয়র পদে দলীয় প্রার্থীর চেয়ে নির্দলীয় প্রার্থীর সংখ্যাই বেশি। মনোনয়ন চেয়ে না পেয়ে দলীয় নেতারাই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দল থেকে একজনকে মনোনয়ন দেওয়া হলেও নির্বাচন করতে ইচ্ছুক দলের একাধিক নেতা নির্দলীয় প্রার্থী হচ্ছেন। এতে দলীয় প্রার্থীর চেয়ে নির্দলীয় প্রার্থীর সংখ্যাই এবার বেশি হচ্ছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী, বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সদস্য ও বর্তমান পৌর কাউন্সিলর রেজাউল করিম। এদিকে স্বতন্ত্র প্রার্থীরা হলেন এনায়েতুর রহমান আকন্দ, আলমগীর চৌধুরী, আমিনুল আহসান ও আবদুর রহিম।
খোঁজ নিয়ে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে দুজন দলীয় মনোনয়ন চেয়ে পাননি। অন্য দুজন দল থেকে মনোনয়নই চাননি। তাঁদের মধ্যে এনায়েতুর রহমান পৌর আওয়ামী লীগের আহ্বায়ক। তিনি দলীয় মনোনয়ন চেয়ে পাননি। আলমগীর চৌধুরী পৌর বিএনপির একাংশের সভাপতি। এ ছাড়া তিনি পৌরসভার বর্তমান মেয়র। আমিনুল আহসান উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। তবে আবদুর রহিম কোনো দলীয় পরিচয়ে পরিচিত নন।
স্বতন্ত্র প্রার্থী এনায়েতুর রহমান বলেন, ‘আমি দল থেকে মনোনয়ন চেয়েছিলাম, দেওয়া হয়নি। এ কারণে নির্দলীয় প্রার্থী হয়েছি।’
আলমগীর চৌধুরী বলেন, ‘আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। তাই স্বতন্ত্র প্রার্থী হয়েছি। ইনশা আল্লাহ জয়লাভ করব।’
আমিনুল আহসান বলেন, ‘দল থেকে মনোনয়নই চাইনি। দলের আমার কোনো প্রতিদ্বন্দ্বীও ছিলেন না। দলীয় নেতা-কর্মীদের ইচ্ছায় স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’
আবদুর রহিম বলেন, ‘আমি কোনো দলের সঙ্গে যুক্ত নই। খাঁটি স্বতন্ত্র প্রার্থী বলতে যা বোঝায়, আমি তাই।’
উপজেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি আবু ওহাব চৌধুরী বলেন, এখানে দলের সাধারণ সম্পাদক আমিনুল আহসান মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এটা তাঁদের দলীয় নির্বাচনী কৌশল।