মেয়র পদে নির্বাচন করতে ইউপি থেকে পদত্যাগ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের পদে ইস্তফা দিয়ে পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হয়েছেন। তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করেন।
২০১১ সালের ১৬ জুন অনুষ্ঠিত রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে গোলাম মাহফুজ চৌধুরী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দলীয় সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়ে বিএনপির সমর্থিত প্রার্থী কামরুজ্জামান কমলের কাছে পরাজিত হন। পরে ইউপি চেয়ারম্যানের পদে থেকেই আক্কেলপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে প্রচারণা শুরু করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর রুকিন্দীপুর ইউপি চেয়ারম্যান গোলাম মাহফুজ চৌধুরী ইউএনওর কাছে পদত্যাগপত্র জমা দেন। ওই দিনই তাঁর পদত্যাগপত্র কার্যকর করা হয়। ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ বলেন, ইউপি চেয়ারম্যানের মেয়াদ পূর্তির আট মাস বাকি থাকতেই গোলাম মাহফুজ চৌধুরী তাঁর পদে ইস্তফা দিয়েছেন। গোলাম মাহফুজ চৌধুরী স্বেচ্ছায় তাঁর পদ ছেড়ে দিয়েছেন। ভোটার হিসেবে তিনি রুকিন্দীপুর ইউপি থেকে আক্কেলপুর পৌরসভায় স্থানান্তর হয়েছেন।
গোলাম মাহফুজ চৌধুরী বলেন, ‘নিজের আত্মবিশ্বাস থেকেই ঝুঁকি নিয়েছি। মেয়র নির্বাচিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করব।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টার বলেন, গোলাম মাহফুজ চৌধুরী দলের যোগ্য মেয়র প্রার্থী।