মেয়র পদে নুরুল আবছারের প্রার্থিতা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী নুরুল আবছার শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারছেন না। নির্বাচন কমিশনের নির্দেশে গতকাল মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বাতিল করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, তফসিল অনুযায়ী, ২ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ফৌজদারি একটি মামলায় পাঁচ বছরের সাজার মেয়াদ শেষ না হওয়ায় নুরুল আবছারের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু হাইকোর্টে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ২০ জানুয়ারি নির্বাচনের ছয় দিন আগে তাঁকে টেলিফোন প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরপর তিনি মাঠে নেমে নির্বাচনী প্রচারণাও শুরু করেন। কিন্তু প্রতীক বরাদ্দের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও মুজিবুর রহমান আপিল বিভাগে আবেদন করলে গত সোমবার আদালত ইতিপূর্বে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেন।সুপ্রিম কোর্টের আইনজীবী জেসমিন সুলতানা এর সত্যতা নিশ্চিত করে জানান, যে রায় অনুযায়ী নুরুল আবছার প্রার্থী হয়েছিলেন, ওই আদেশ স্থগিত করা হয়েছে। তাই নুরুল আবছার আর নির্বাচনে অংশ নিতে পারছেন না।নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল আলম নিজামী জানান, নির্বাচন কমিশনের নির্দেশে গতকাল নুরুল আবছারের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তিনি ২৭ জানুয়ারির নির্বাচনে অংশ নিতে পারবেন না।এই পৌরসভায় টানা চারবারের নির্বাচিত মেয়র (চেয়ারম্যান) নুরুল আবছার বলেন, প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে যাবেন। তখন এই পৌরসভার নির্বাচন বন্ধ হলে এর দায়দায়িত্ব সংশ্লিষ্টদের নিতে হবে।