মেয়র পদে নয়জনের মনোনয়নপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন গতকাল বৃহস্পতিবার মেয়র পদে ৯, সরক্ষিত নারী আসনে ১৩০ ও সাধারণ কাউন্সিলর পদে ৪৯৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। রিটার্নিং কর্মকর্তা মো. মতিয়ার রহমান জানান, শেষ দিন পর্যন্ত মোট ৬৩৮ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদপ্রার্থীদের মধ্যে গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজমত উল্লা খান, বিএনপি-সমর্থিত দলের চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান, সমিঞ্চলিত নাগরিক কমিটির জাহাঙ্গীর আলম, সমিঞ্চলিত ইসলামী ফোরামের নেতা মাওলানা মো. ফজলুর রহমান, স্বতন্ত্র মো. আমান উল্লাহ ও রীনা সুলতানা। এর আগে গত বুধবার মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের জেলা আহ্বায়ক মেজবাহ উদ্দিন সরকার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী মাহমুদ হাসান ও সচেতন নাগরিক পরিষদের নাজিম উদ্দিন আহমেদ। মনোনয়নপত্র বাছাই হবে ৯ ও ১০ জুন, প্রত্যাহারের শেষ তারিখ ১৭ জুন এবং ১৮ জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়েছে। ১৬ জানুয়ারি ৩০ দশমিক ৯০ বর্গকিলোমিটার আয়তনের গাজীপুর সিটি করপোরেশন গঠিত হয়। ইমাম-মুয়াজ্জিনকে জরিমানা: গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর মুন্সিপাড়া জামে মসজিদে সিটি করপোরেশন নির্বাচনে এক মেয়র পদপ্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এনডিসি সাজিদ আনোয়ার জানান, গোপন সংবাদে খবর পেয়ে গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর মুন্সিপাড়া জামে মসজিদে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী এম এ মান্নানের পক্ষে দোয়া অনুষ্ঠানে প্রচারণা করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত ওই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। রিটার্নিং কর্মকর্তা মো. মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।