মনোনয়নপত্র বিক্রির প্রথম দুই দিনে গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার ফেনী, দাগনভূঞা ও পরশুরাম পৌরসভায় মেয়র পদে পাঁচজন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৬৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য তিনজন তাঁদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ফেনী পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, ফেনী পৌরসভার মেয়র পদের জন্য কোনো প্রার্থীই মনোনয়নপত্র সংগ্রহ করেননি। কাউন্সিলর পদে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন।
দাগনভূঞা উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন চৌধুরী বলেন, পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক খানসহ চারজন মনোনয়নপত্র কিনেছেন। অন্যরা হলেন: দাগনভূঞা পৌর আওয়ামী লীগের সভাপতি খায়েজ আহম্মদ, সহসভাপতি আবুল কায়েস ওরফে রিপন, যুবলীগের কেন্দ্রীয় সদস্য মো. আলমগীর হোসেন মনোনয়নপত্র কিনে নিয়েছেন। এ ছাড়া দাগনভূঞা পৌরসভার নয়টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদের জন্য ৪৬ জন এবং তিনটি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদের জন্য ছয়জন তাঁদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
পরশুরাম উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা পারভীন বলেন, পরশুরাম পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী গতকাল মনোনয়নপত্র কিনেছেন। এ ছাড়া পৌরসভার নয়টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৩ জন এবং সংরক্ষিত তিনটি ওয়ার্ডের জন্য তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।