চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার শেষে গতকাল মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। আজ বুধবার এ তালিকা প্রকাশ করার কথা। আজ সকাল নয়টা থেকে মুসলিম হলে চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচন কমিশন সূত্র জানায়, চূড়ান্ত করা তালিকায় মেয়র পদপ্রার্থী রয়েছেন আটজন। ৪১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ২৪৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ১৪টি পদে ৫৯ জন প্রার্থী রয়েছেন। এর আগে যাচাই-বাছাই শেষে সাধারণ কাউন্সিলর পদে ৩০০ জন প্রার্থী ছিলেন। ২০০৫ সালের ৯ মে অনুষ্ঠিত সর্বশেষ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছিলেন ২১ জন। সেবার ৪১টি ওয়ার্ড কাউন্সিলর পদে ৩০৪ জন ও ১৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।এবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে গতকাল পর্যন্ত মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সাতজন প্রার্থিতা প্রত্যাহার করেন। তাঁদের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। মেয়র পদে আট প্রার্থী হলেন, আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের এম মঞ্জুর আলম, জাতীয় পার্টি-সমর্থিত সোলায়মান আলম শেঠ, ইসলামী আন্দোলনের সমর্থনপুষ্ট মো. রফিকুল আলম এবং চার স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সাজ্জাদ জোহা, মোহাম্মদ ইব্রাহীম, জানে আলম ও অধ্যাপক মোফাজ্জল হোসেন ভূঁইয়া।আবারও মঞ্জুরকে নোটিশ: বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মঞ্জুর আলমকে আবারও নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গত সোমবার পতেঙ্গা এলাকায় গাড়িবহর নিয়ে নির্বাচনী প্রচার চালানোয় গতকাল এ নোটিশ দেওয়া হয় বলে জানা গেছে। এর আগে প্রার্থিতা ঘোষণার পর মিছিল করায় রিটার্নিং কর্মকর্তা গত ১৯ মে মঞ্জুরকে প্রথম দফায় নোটিশ দেন।