মেয়র পদে বিএনপি-আওয়ামী লীগের একাধিক প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার নির্বাচন আগামীকাল শনিবার। এর আগে ২০০৬ সালের ১৩ মার্চ সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মেয়র পদে একজন নারী পদপ্রার্থীসহ সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৪ এবং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।স্থানীয় সরকারের নির্বাচনটি রাজনৈতিক না হলেও প্রধান দুই দল বিএনপি ও আওয়ামী লীগ মেয়র পদে প্রতিন্দ্বিতাকারী প্রার্থীদের দুজনকে দলীয় সমর্থন দিয়েছেন। রয়েছেন উভয় দলের বিদ্রোহী প্রার্থীও। মেয়র পদে আওয়ামী লীগের দলীয় সমর্থন পেয়েছেন নুরুল হক চৌধুরী। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন চশমা প্রতীক নিয়ে। বিদ্রোহী প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতি মাহফুজুর রহমান ওরফে ভিপি বাহার। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তালা প্রতীক নিয়ে। অপর দিকে বিএনপির দলীয় সমর্থন পেয়েছেন বর্তমান মেয়র মোতাহের হোসেন ওরফে মানিক। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন দোয়াত-কলম প্রতীক নিয়ে।একই দলের থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বিএনপির সাবেক পৌর সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আনারস প্রতীক নিয়ে। প্রার্থী হয়েছেন বিএনপির আরেক সমর্থক আবু তাহের ভূঁইয়াও। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন মাইক প্রতীক নিয়ে। এ ছাড়া মনিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন কাপ-পিরিচ এবং একমাত্র নারী প্রার্থী হালিমা বেগম টেবিল প্রতীক নিয়ে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহফুজুর রহমান বলেন, সোনাইমড়ী পৌরসভার নানা সমস্য রয়েছে। এখানে নাগরিক সুবিধা বলতে তেমন কিছুই নেই। একে পরিকল্পিত শহরের রূপান্তর করার স্বপ্ন নিয়ে তিনি প্রার্থী হয়েছে। দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের সেবা করাই তাঁর উদ্দেশ্য। রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা বেগম বলেন, পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৮২০। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে।