বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্ব ও বাদানুবাদ চলছে। অন্যদিকে এ নির্বাচনে দলীয় কোনো প্রার্থী না থাকায় বেকায়দায় পড়েছে আওয়ামী লীগ।
মেয়র পদে পৌর বিএনপির সহসভাপতি বেলাল হোসেন, পৌর যুবদলের সভাপতি আফসার আলী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য নূরুল হক তালুকদার এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম প্রার্থী হয়েছেন। এ ছাড়াও পৌর জাতীয় পার্টির (জাপা) সদস্যসচিব মাহবুবুর রহমান মেয়র পদে প্রার্থী হয়েছেন। ২৮ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
থানা বিএনপির সভাপতি আবদুল হামিদ বলেন, দলের সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে করার কিছু নেই। সম্প্রতি নির্বাচনের কলাকৌশল নিয়ে আলোচনা করে নূরুল হক তালুকদারের পক্ষে নির্বাচন করার জন্য দল সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে মেয়র পদপ্রার্থী বেলাল হোসেন বলেন, ‘সাবেক সাংসদ আবদুল মোমিন তালুকদারের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে দল আমাকে সমর্থন দিচ্ছে না। সাবেক সাংসদের মুখপাত্র হতে পারিনি বলেই আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য দল একজন সমর্থককে মেয়র পদে সমর্থন দিয়েছে। তবে এতে কোনো লাভ হবে না।’
বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম বলেন, সাবেক সাংসদ পকেট কমিটি করেছিলেন। সাধারণ ভোটাররা গত নির্বাচনে এর জবাব দিয়েছে। এবারও দেবে।
জাপা-সমর্থিত মেয়র পদপ্রার্থী মাহবুবুর রহমান বলেন, ‘মহাজোটের এখন আমি একাই মেয়র পদপ্রার্থী। বর্তমান সাংসদ জাপা নেতা নুরুল ইসলাম তালুকদার আওয়ামী লীগ নেতাদের আমার পক্ষে কাজ করার জন্য বলেছেন। কিন্তু কোনো নেতাই এখনো ভোটের মাঠে নামেনি।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক বলেন, তাঁরা দলীয়ভাবে সাংগঠনিক সম্পাদক এনামুল হককে মেয়র পদে প্রার্থী মনোনয়ন দেন। কিন্তু তিনি সারের সরকারি ডিলার হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ ছাড়া দলীয়ভাবে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী দেওয়ার জন্য নেতা-কর্মীদের ডাকা হয়েছিল। কিন্তু দু-একজন কাউন্সিলর পদপ্রার্থী ছাড়া কেউ আসেননি।
আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান বলেন, ‘আমাদের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় সমস্যায় পড়েছি।’ তবে মহাজোটের সাংসদ (জাপা) নুরুল ইসলাম তালুকদার আওয়ামী লীগের নেতা-কর্মীদের মেয়র পদপ্রার্থী মাহবুবুর রহমানের পক্ষে কাজ করার জন্য বলেছেন কি না, এমন প্রশ্নের তিনি কোনো জবাব দেননি। তবে শিগগিরই দলের বৈঠক ডেকে আলোচনা করে কি করা যায়, তা জানানো হবে বলে তিনি জানান।