চাঁদপুরের মতলব পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের পৌর কমিটির সভাপতি আওলাদ হোসেন ওরফে লিটন। গত মঙ্গলবার রাতে তাঁর মনোনয়ন চূড়ান্ত হয়। মনোনয়ন না পেয়ে দলের অন্য দুজন হতাশ হয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
মতলব দক্ষিণ উপজেলা ও পৌর আওয়ামী লীগের চার-পাঁচজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়র পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে দলের প্রভাবশালী এক নেতার সঙ্গে তাঁর ঢাকার বাসায় দফায় দফায় বৈঠক ও আলোচনা করেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। ঢাকায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এ ব্যাপারে চূড়ান্ত আলোচনা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ কবির আহম্মেদ বলেন, মেয়র পদে আওলাদ হোসেনের নাম চূড়ান্ত করে গত মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রে পাঠানো হয়। ওই দিন গভীর রাতে তাঁর নাম চূড়ান্ত করে কেন্দ্র।
জানা গেছে, এবার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন নয়জন। এর মধ্যে সাতজন মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ান। মনোনয়নের জন্য শেষ লড়াই হয় উপজেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম ওরফে নুরু, আওলাদ হোসেন ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আল-আমিন ফরাজীর মধ্যে। তিনজনই প্রভাবশালী ওই নেতার কাছে কয়েক দিন ধরে জোর তদবির করেন।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা ও পৌর আওয়ামী লীগের একাধিক নেতা প্রথম আলোকে বলেন, দলের জ্যেষ্ঠ ও ত্যাগী নেতাদের কেউই মনোনয়ন না পাওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। নুরুল ইসলাম বলেন, মনোনয়ন না পাওয়ায় তিনি হতাশ। তবু দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন তিনি।
আল-আমিন ফরাজী প্রথম অালোকে বলেন, মনোনয়ন না পেয়ে তিনি ও তাঁর সমর্থকেরা ক্ষুব্ধ। যেভাবেই হোক তিনি নির্বাচন করবেন।