মেয়র পদে মনোনয়ন না পেয়ে কাউন্সিলরে আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভায় মেয়র পদে দলীয় মনোনয়ন না পেয়ে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের নেতা ফজলুর রহমান।
তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সদস্য। তিনি দীর্ঘদিন প্যানেল মেয়রের দায়িত্বও পালন করেছেন।
এলাকার কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ফজলুর রহমানের বাড়ি পৌরসভার সলেমানপুর মহল্লায়। তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে দুবার কাউন্সিলর হয়েছেন।
এর আগে ওই ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন তাঁর বড় ভাই আজিজুল হক। ফজলুর রহমানের দলের মধ্যে প্রভাব রয়েছে। গত নির্বাচনের পর থেকেই তিনি বলতেন ভবিষ্যতে মেয়র পদে নির্বাচন করবেন। সেভাবে কাজও করেছেন।
এবার দলীয়ভাবে ভোট হওয়ায় তিনি বিপাকে পড়েন। চেষ্টা করেন দলীয় মনোনয়ন পেতে। কিন্তু শেষ পর্যন্ত পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সহিদুজ্জামান সেলিমকে মনোনয়ন দেওয়া হয়। পরে মনোনয়নবঞ্চিত ফজলুর রহমান ঘোষণা দেন কাউন্সিলর পদেই থাকছেন।
ফজলুর রহমান বলেন, তিনি চেষ্টা করেছিলেন মেয়র পদে নির্বাচন করতে। কিন্তু দল তাঁকে মনোনয়ন না দেওয়ায় করতে পারলেন না। জনগণের সঙ্গে থাকতে চান। তাই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও কাউন্সিলরে করছেন।