মেয়র পদে মনোনয়ন ফরম নিয়েছেন ১১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মেয়র পদে ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে বর্তমান মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীও রয়েছেন। এ ছাড়া ওয়ার্ড কাউন্সিলর পদে ২১১ জন ও মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৫ জন মনোনয়ন ফরম নিয়েছেন। এদিকে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে নগরের রহমতগঞ্জে জেলা নির্বাচন কার্যালয়ে এ নির্বাচনের জন্য প্রস্তুতি ব্যাহত হচ্ছে। তাই সেখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য নির্বাচন কমিশন গত বুধবার বিদ্যুৎ বিভাগকে চিঠি দিয়েছে বলে জানা গেছে। জানা গেছে, মহিউদ্দিন চৌধুরী ছাড়া মেয়র পদে অপর যে ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাঁরা হলেন, মেয়রের বিরোধীপক্ষ বলে পরিচিত নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মহানগর কমিটির আহ্বায়ক সোলায়মান আলম শেঠ, এম এ সালাম, এনামুল হক, আফাজ উল্লাহ খান, মো. ইব্রাহিম, জানে আলম, স্বরূপ কুমার চন্দ ও সাইফুদ্দিন আহমেদ। এ প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, ‘আমাদের প্রস্তুতিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিদ্যুৎ। এ সংকট উত্তরণের জন্য আমরা বিদ্যুৎ বিভাগকে চিঠি দিয়েছি, যাতে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন করা হয়। তারা আমাদের আশ্বাস দিয়েছে, পরিস্থিতির উন্নতি হবে।’