কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে গতকাল রোববার এক নারীসহ চারজন মেয়র পদে এবং ৯৩ জন কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে তফসিল ঘোষণার পর মেয়র পদে সাতজন এবং কাউন্সিলর পদে ২৯২ জন মনোনয়নপত্র নিলেন। এদিকে ইভিএম পদ্ধতি বাতিল ও সেনা মোতায়েনের দাবিতে বিএনপির আরেকটি অংশ গতকাল রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে। অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার উদ্যোগে নগরজুড়ে চলছে ইভিএমে ভোট দেওয়ার প্রচারণা।সূত্র জানায়, গতকাল মেয়র পদে মনোনয়নপত্র নেন কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি মো. ওমর ফারুক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম রৌশন, শহর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ ও স্বতন্ত্রভাবে শিরিন আক্তার। এদিকে ইভিএম পদ্ধতি নয়, প্রচলিত ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করতে হবে। একই সঙ্গে নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে, এই দাবি জানিয়ে গতকাল দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির একটি অংশ রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনের কাছে স্মারকলিপি দেয়। দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মনিরুল হকের অনুসারীরা ওই স্মারকলিপি দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ফজলুল হক, শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী ও জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা মো. হুমায়ুন কবীর ভূঁইয়া।ইভিএমের পক্ষে প্রচারণা: গতকাল বিকেলে নগরের টমছমব্রিজ পুরাতন বাসস্ট্যান্ড ও চকবাজার বাসস্ট্যান্ড এলাকায় ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়ার প্রক্রিয়া ভোটারদের প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। তা ছাড়া কুমিল্লা টাউন হলে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা এবং জেলা পরিষদ কার্যালয়ের পুরাতন ভবনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সারা দিনই ইভিএম সম্পর্কে ভোটারদের ধারণা দেওয়া হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা বলেন, প্রার্থিতা প্রত্যাহারের পর ২৭ ওয়ার্ডে প্রতিদিনই দেখানো হবে ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়ার কলাকৌশল। ইভিএমবিরোধী প্রচারণা: এদিকে ইভিএম পদ্ধতির বিরুদ্ধে প্রচারণা শুরু করেছে স্থানীয় বিএনপি। গতকাল সন্ধ্যায় শহরের কান্দিরপাড়ের দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে ইভিএম পদ্ধতির ত্রুটি-বিচ্যুতি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করে ভোটারদের দেখানো হচ্ছে। দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশ ইভিএমকে ত্রুটিপূর্ণ বলেছে। এ পদ্ধতির মাধ্যমে ভোট কারচুপির সুযোগ রয়েছে। তাই বাংলাদেশের মতো একটি দেশে এ পদ্ধতি চালু করা ঠিক নয়।