মেয়র পদে সাংসদের পছন্দই শেষ কথা!
ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। দলের জেলা পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা বলছেন, মেয়র পদে দলীয় মনোনয়নের ক্ষেত্রে সাংসদ নিজাম উদ্দিন হাজারীর পছন্দ-অপছন্দই বড় ভূমিকা রাখবে।
নাম না প্রকাশের শর্তে জেলা আওয়ামী লীগ দলীয় একজন জ্যেষ্ঠ নেতা বলেন, মেয়র পদে প্রার্থী ঠিক করা নিয়ে দলীয় ফোরামে আলোচনার কথা বলা হলেও সাংসদ নিজাম উদ্দিন হাজারীর পছন্দই শেষ পর্যন্ত চূড়ান্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে জাতীয় পার্টি ছেড়ে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী বর্তমান মেয়র আলা উদ্দিন এগিয়ে থাকবেন। সাংসদ নিজাম হাজারীর কাছের লোক হিসেবে তিনি পরিচিত। এবার দলীয় প্রতীকে মেয়র পদে নির্বাচন অনুষ্ঠানের আলোচনা শুরু হওয়ার পরই তিনি জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ পদ ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও পৌর মেয়র আলা উদ্দিন ১৩ নভেম্বর ফেনীর পরশুরামে যুবলীগ আয়োজিত সমাবেশে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন চৌধুরী নাসিম ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলবদল করেন।
জানতে চাইলে মেয়র আলা উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছি। দলের কাছে মেয়র পদে মনোনয়ন চাইব।’
মেয়র পদে নির্বাচন করার আগ্রহের কথা বলেছেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি প্রবীণ আইনজীবী আকরামুজ্জমান ও ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবীর ওরফে শামীম।
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আকরামুজ্জমান বলেন,‘দলের কাছে মেয়র পদে মনোনয়ন চাইব। দল যা ভালো মনে করবে, তা-ই সিদ্ধান্ত নেবে।’ একই কথা বলেছেন ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি ও ফেনী চেম্বার অব কমার্সের সভাপতি আইনুল কবীর।
এদিকে পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রতিটিতে আওয়ামী লীগের চার-পাঁচজন করে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী নিজ এলাকায় ব্যক্তিগত উদ্যোগে জনসংযোগ করছেন। দলীয় সমর্থনের আশায় জেলা নেতাদের কাছে ধরনা দিচ্ছেন। সংরক্ষিত ছয়টি নারী কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরাও আওয়ামী লীগের সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন। বিএনপি-সমর্থিত একজন কাউন্সিলর কয়েক মাস আগে আওয়ামী লীগে যোগদান করেছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী প্রথম আলোকে বলেন, তাঁরা দু-এক দিনের মধ্যে দলীয় ফোরামে সভা করে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবেন।
তবে তফসিল ঘোষণার পরও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে প্রকাশ্য নির্বাচনী তৎপরতা দেখা যায়নি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন বলেন, নেতা-কর্মীদের একাংশ কারাগারে, মামলা-হামলা ও নির্যাতনের ভয়ে অনেকে গা ঢাকা দিয়ে আছেন। সম্ভাব্য প্রার্থীরা গ্রেপ্তার ও হয়রানির ভয়ে মুখ খুলছেন না। প্রকাশ্য নির্বাচনী তৎপরতাও চালানো যাবে কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
তবে ফেনী পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, তিনি মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী।
জেলা বিএনপির একটি ধারার নেতৃত্ব দিচ্ছেন সাবেক সাংসদ জয়নাল আবদীন (ভিপি জয়নাল)। পৌর নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, এটি একটি প্রহসনের নির্বাচন হবে। তবে তিনি বলেন, দলের নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে মেয়র পদে প্রার্থী ঠিক করা হবে।