ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার প্রথম নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গতকাল সোমবার মেয়র পদে সাত, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ ও সাধারণ কাউন্সিলর পদে ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।নির্বাচনী তফসিল অনুসারে, ১৮ ও ১৯ মে মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে। ১২ জুন কসবা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্র জানায়, নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ ইলিয়াছ। আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কসবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন। এ ছাড়া জাতীয় পার্টির সমর্থন নিয়ে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন মো. সফিকুল ইসলাম ও জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন পৌর জামায়াতের সভাপতি মো. মুসলেহ উদ্দিন।