নড়াইল ও কালিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এঁদের ১৩ জনই স্বতন্ত্র।
নড়াইল ও কালিয়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, নড়াইল পৌরসভায় ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়া স্বতন্ত্র প্রার্থী আছেন চারজন। তবে বিএনপির কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। আর জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি ও এনডিপি (ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি) থেকে একজন করে স্বতন্ত্র প্রার্থী আছেন।
কালিয়া পৌরসভায় দলীয়ভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীসহ সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়া চারজন স্বতন্ত্র প্রার্থী আছেন। বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী আছেন একজন।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এ টি এম শামীম মাহামুদ বলেন, নড়াইল পৌরসভায় জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বিশ্বাস, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সরদার আলমগীর হোসেন, জেলা এনডিপির সদস্য আনোয়ার হোসেন খান, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য আঞ্জুমান আরা, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান, বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী মণ্ডল, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফায়েকুজ্জামান ফিরোজ, জাসদ (ইনু) জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আরিফুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য পারভেজ আলম মেয়র পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন ও কাউন্সিলর পদে ৪০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান বলেন, মেয়র পদে নড়াইল পৌরসভায় জাহাঙ্গীর বিশ্বাস এবং কালিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান হীরা দলীয় প্রার্থী। দলের সিদ্ধান্তের বাইরে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের কোনো নেতা নির্বাচন করলে দল তাঁকে বহিষ্কার করতে পারে। এ রকম নির্দেশনা কেন্দ্র থেকে দেওয়া হয়েছে।
সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বিশ্বাস বলেন, ‘জনগণের মতামতের ভিত্তিতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি।’
জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য আঞ্জুমান আরা মনে করেন প্রার্থী নির্বাচনে ভুল হয়েছে। দলের জন্য এটা মঙ্গলজনক নয়। এতে দল ক্ষতিগ্রস্ত হবে।
কালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, কালিয়া পৌরসভায় মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান হীরা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান মেয়র বি এম এমদাদুল হক, আওয়ামী লীগ কর্মী ফকির মো. মুশফিকুর রহমান, জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কাউন্সিলর সোহেলী পারভিন, আওয়ামী লীগ কর্মী শেখ লায়েক হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদুজ্জামান মিলু, উপজেলা বিএনপির সদস্য এস এম একরাম রেজা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন, কাউন্সিলর পদে ৩৬ জন মনোনয়নপত্র জমা দেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের সিকদার বলেন, নড়াইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র জুলফিকার আলী মণ্ডল এবং কালিয়া পৌরসভা নির্বাচনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম অহিদুজ্জামান মিলু দলীয় প্রার্থী।