দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলেরই ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন।
ঘোড়াঘাট নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। আওয়ামী লীগ থেকে মো. ইউনুছ আলী, বিএনপি থেকে বর্তমান মেয়র আবদুস সাত্তার, জাতীয় পার্টি থেকে শেখ রাজু আহম্মেদ ও সাম্যবাদী দল থেকে মো. আশরাফ উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা কৃষক লীগের আহ্বায়ক বোরজাহান মিয়া ও উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও মনোনয়নপত্র জমা দিয়েছেন আ. মান্নান (জামায়াত), আমিনুল ইসলাম, দেলজার আলী, ইয়াদ আলী, আশিক ইকবাল ও তফছির আলী। মেয়র পদের বাইরে সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র ২২ জুলাই পর্যন্ত প্রত্যাহার করা যাবে। ভোট গ্রহণ হবে আগামী ৭ আগস্ট। এ পৌরসভায় মোট ভোটার ১৭ হাজার ১৯৭ জন। এর মধ্যে নারী ৮ হাজার ৬৪৫ জন।
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী বোরজাহান মিয়া প্রথম আলোকে বলেন, তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করবেন না। তাহলে মনোনয়নপত্র জমা দিলেন কেন? জানতে চাইলে তিনি বলেন, মনোনয়নপত্র জমা না দিলে জামানতের টাকা ফেরত পাওয়া যাবে না।
বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, দল ভুল লোককে মনোনয়ন দিয়েছে। তাই দলকে বিজয়ী করতেই তিনি নির্বাচন করছেন। তবে বিএনপির মনোনীত প্রার্থী আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘কালাম ভাই ভুল বুঝে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলের এ সংকটময় সময়ে তাঁর শুভবুদ্ধির উদয় হবে বলে আমার বিশ্বাস।’
পীরগঞ্জ পৌরসভা: নিজস্ব প্রতিবেদক, রংপুর জানান, জেলার নবগঠিত পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল। মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম জানান, মেয়র পদে আওয়ামী লীগ থেকে তাজিমুল ইসলাম, বিএনপি থেকে শহীদুল ইসলাম, জাতীয় পার্টি থেকে আলমগীর হোসেন এবং নাগরিক কমিটি থেকে কাজী লুমুম্বা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ জুলাই। ভোট গ্রহণ হবে আগামী ৭ আগস্ট। এই পৌরসভায় ভোটার প্রায় ২৫ হাজার।