সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোট ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল রোববার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেন ১০ জন। তিনজন আগে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
এ ছাড়া ১৪টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোট ৭১ জন ও ৪১টি সাধারণ কাউন্সিলর পদে মোট ২৮৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই দুই পদে যথাক্রমে ৯৫ ও ৫৬১টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বিভিন্ন প্রার্থী। আর মেয়র পদে ১৮ জন মনোনয়ন সংগ্রহ করেছিলেন।
আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি-সমর্থিত তিন মেয়র প্রার্থী ছাড়া আরও যে ১০ জন যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা হলেন: সাজ্জাদ জোহা, ফোরকান চৌধুরী, আরিফ মঈনুদ্দিন, এম এ মতিন, আবুল কালাম আজাদ, শফিউল আলম, আলাউদ্দিন চৌধুরী, হোসাইন মোহাম্মদ মুজিবুল হক, সাইফুদ্দিন আহমেদ ও ওয়ায়েজ হোসেন ভূঁইয়া।
১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল।