রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে মেয়র পদে ১৩ জনই বৈধ প্রর্থী বলে বিবেচিত হয়েছেন।গতকাল বুধবার মেয়র পদে বাছাই শেষে রিটার্নি কর্মকর্তা মনিরুল ইসলাম বৈধ প্রার্থীদের মধ্যে ১২ জনের নাম ঘোষণা করেন। অপর প্রার্থী কাজী মাজিরুল ইসলামের বিষয়ে ঘোষণা দেওয়া হবে আজ বৃহস্পতিবার। তাঁর মনোনয়নও বৈধ, কিন্তু একটা জিজ্ঞাস্য বাকি থাকায় তাঁর ব্যাপারে গতকাল ঘোষণা দেওয়া হয়নি বলে জানা গেছে।মেয়র পদপ্রার্থীদের মধ্যে সাতজন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের রাজনীতিতে জড়িত। তাঁরা হলেন: রংপুর মহানগর জাতীয় পার্টির (জাপা) আহ্বায়ক মসিউর রহমান এবং দুজন বিদ্রোহী প্রার্থী জাপা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান (মোস্তফা) ও সাবেক মেয়র (নবগঠিত তৃণমূল জাতীয় পার্টির আহ্বায়ক) এ কে এম আব্দুর রউফ (মানিক), আওয়ামী লীগের মহানগর সভাপতি সাফিউর রহমান, দলটির সাবেক সাংসদ শরফুদ্দিন আহম্মেদ (ঝন্টু) ও সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবির চৌধুরী এবং ওয়ার্কার্স পার্টির কাজী মাজিরুল ইসলাম।অপর প্রার্থীরা হলেন: নাগরিক ঐক্যের ফারুক আজিজ, বাসদের আবদুল কুদ্দুস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এ টি এম গোলাম মোস্তফা এবং নির্দলীয় ব্যক্তি মেহেদী হাসান, আলী হায়দার সরকার ও কাওসার জামান।অবশ্য আওয়ামী লীগ দলীয়ভাবে কোনো প্রার্থীকে সমর্থন দেয়নি। কেবল জাতীয় পার্টি দলীয়ভাবে মসিউর রহমানকে (রাঙা) সমর্থন দিয়েছে। আর বিএনপি এই নির্বাচন বর্জন করেছে।৩০ নভেম্বর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও, গতকাল মনোনয়নপত্র বৈধ ঘোষণার পরপরই প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। মসিউর রহমান রংপুর জেলা জাতীয় পার্টির কার্যালয়ে কর্মিসভা করেছেন। শরফুদ্দিন আহম্মেদ, মোস্তাফিজার ও ফিরোজ জামানকে এলাকার মানুষের কাছে দোয়া চাইতে দেখা গেছে।