মেয়র পদে ১৮, কাউন্সিলর পদে ৩২২ জনের মনোনয়নপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার মেয়র পদে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া ৪১ ওয়ার্ডের কাউন্সিলর পদে মোট ৩২২ জন এবং মহিলাদের জন্য সংরক্ষিত ১৪টি কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ৬৭ জন। নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী শনি ও রোববার মনোনয়নপত্র বাছাই করা হবে। আগামী ১ জুন মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন। তফসিল অনুযায়ী ১৭ জুন ভোট গ্রহণ করা হবে। জানা যায়, এবারের নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত মঞ্জুর আলম একাই মনোনয়নপত্র দিয়েছেন। তিনি চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী। নগর বিএনপির সহসভাপতি দস্তগীর চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ও উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জমা দেননি। আওয়ামী লীগ সমর্থিত ও নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী ছাড়াও একই দলের আরও তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন সাবেক সাংসদ মো. ইছহাক মিয়া, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী ও উত্তর জেলা কৃষক লীগের সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী। ইছহাক মিয়া ও রেজাউল করিম নগর আওয়ামী লীগে মহিউদ্দিনবিরোধী বলে পরিচিত। তবে আওয়ামী লীগের অপর তিনজন আ জ ম নাছির উদ্দিন, সাংসদ এম এ লতিফ এবং চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরী মনোনয়নপত্র নিলেও জমা দেননি। মনোনয়নপত্র জমা দিয়ে মহিউদ্দিন চৌধুরী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমি চাই নির্বাচন যেন সুষ্ঠু ও অবাধ হয়।’ মনোনয়নপত্র জমা দিয়ে মঞ্জুর আলম বিএনপির নেতা শাহাদাৎ হোসেনকে জড়িয়ে ধরে বলেন, ‘আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আমরা একসঙ্গে কাজ করব।’মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়া উল্লেখযোগ্য অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির মো. সোলায়মান আলম শেঠ, জামায়াতে ইসলামীর মো. আফসারউদ্দিন চৌধুরী, জাতীয় পার্টির (মঞ্জু) হায়দার আলী চৌধুরী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রফিকুল আলম, মোহাম্মদ ইব্রাহীম, ইসলামিক ফ্রন্টের সোলায়মান ফরিদ, এলডিপির ওয়াহেদ আজগর চৌধুরী, জানে আলম, সাইফুদ্দিন আহমেদ, সাজ্জাদ জোহা, এম এ সালাম ও মোফাজ্জল হোসেন ভূঁইয়া। নির্বাচন কমিশনের জন্য এসিড টেস্ট: খসরুচট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন এসিড টেস্ট। বিএনপি সমর্থিত প্রার্থী মঞ্জুর আলমের সঙ্গে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। রিটার্নিং কর্মকর্তার সংবাদ সম্মেলন: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য আমরা প্রার্থীদের বলেছি। যদি এর ব্যত্যয় ঘটে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য আগামী ৩ জুন থেকে ২০ জন কর্মকর্তা মাঠে নামবেন। নির্বাচনের এক সপ্তাহ আগে থেকে আরও ২০ জন মাঠে নামবেন। এ ছাড়া প্রতি থানায় বিচারিক হাকিম থাকবেন।’