ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে গতকাল শনিবার পর্যন্ত মেয়র পদে দুজন এবং কাউন্সিলর পদে ৬৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল বিকেল পাঁচটার পর দুই সিটির রিটার্নিং কর্মকর্তা এ তথ্য জানান।
উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা শাহ আলম জানান, গতকাল উত্তর সিটির মেয়র পদে বিএনপির সাবেক নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকী ও কাজী মো. শহীদুল্লাহ নামের এক ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ছাড়া সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ২২ জন এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই সিটি করপোরেশনে ৩৬টি সাধারণ ওয়ার্ড এবং নারীদের জন্য সংরক্ষিত ১২টি ওয়ার্ড রয়েছে।
দক্ষিণ সিটি করপোরেশনে রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ জানিয়েছেন, সেখানে মেয়র পদে এখনো কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তবে কাউন্সিলর পদে ৪২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দক্ষিণ সিটিতে ৫৭টি সাধারণ ওয়ার্ড এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে।
দুই রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, সুবিধাজনক জায়গায় প্রার্থী হওয়ার জন্য শেষ মুহূর্তে ভোটারদের অনেকে ঠিকানা পরিবর্তন করেছেন। এ ধরনের সম্ভাব্য প্রার্থীদের পরিচয় নিশ্চিত হতে রিটার্নিং কর্মকর্তার দপ্তরকে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের তথ্যভান্ডারের সাহায্য নিতে হয়েছে। কিন্তু গতকাল বারবার তথ্যভান্ডারের সার্ভার ডাউন অবস্থায় পাওয়া গেছে। এ বিষয়ে তাঁরা নিবন্ধন বিভাগে যোগাযোগ করে কাউকে পাননি।
তবে নিবন্ধন বিভাগের পরিচালক মোহসীন আলী প্রথম আলোকে বলেন, তাঁদের কারিগরি বিশেষজ্ঞরা গতকাল অফিস করেছেন।