মেয়র পদে ‘দলীয় সমর্থন’ চান দুই দলের সাতজন
আগামী ৩ জুন জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা নির্বাচন। উপজেলা আওয়ামী লীগের তিন নেতা ও বিএনপির চারজন মেয়র পদে ‘দলীয় সমর্থন’ পেতে জোর চেষ্টা চালাচ্ছেন। অথচ স্থানীয় সরকার নির্বাচনে আইনত দলীয় সমর্থনের কোনো সুযোগ নেই।ভোট গ্রহণের দুই সপ্তাহ আগে থেকে নির্বাচনী প্রচারণা শুরুর কথা থাকলেও আওয়ামী লীগ-বিএনপির সম্ভাব্য প্রার্থীরা দেড় বছর ধরে আগাম প্রচারণা চালাচ্ছেন। প্রচারণার অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ও রাস্তার মোড়ে মোড়ে বাহারি ‘ডিজিটাল বিলবোর্ড’ ও রঙিন পোস্টার টানিয়েছেন কেউ কেউ।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহানা আখতার জাহান প্রথম আলোকে বলেন, ‘আচরণবিধি লঙ্ঘিত হয়—এমন সব বিলবোর্ড নির্বাচনী এলাকা থেকে নিজ দায়িত্বে দ্রুত সরিয়ে নিতে সম্ভাব্য প্রার্থীদের মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ না মানলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ২০১০ সালের ৯ ডিসেম্বর ক্ষেতলালকে পৌরসভা ঘোষণা করা হয়। এত দিন প্রশাসক দিয়ে পৌরসভার কার্যক্রম চলেছে। গত ২৬ এপ্রিল পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ৯ মে মনোনয়নপত্র দাখিল, ১০ মে বাছাই, ১৭ মে প্রার্থিতা প্রত্যাহার এবং ৩ জুন ভোটগ্রহণ হবে। তফসিল ঘোষণার পর থেকে এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে।আওয়ামী লীগ সূত্র জানায়, মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেড় বছর ধরে তৎপরতা চালাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক খলিলুর রহমান এবং দুই যুগ্ম আহ্বায়ক আবদুল মজিদ মোল্লা ও সিরাজুল ইসলাম। তাঁরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া-আশীর্বাদ নিচ্ছেন।পৌরসভা ঘোষণার পর থেকেই আবদুল মজিদ মোল্লার ছবিসহ ডিজিটাল বিলবোর্ড ও পোস্টার শোভা পাচ্ছে শহরের গুরুত্বপূর্ণ স্থান ও দেয়ালে দেয়ালে। তিন নেতাই প্রার্থী হওয়ার ব্যাপারে অনড় থাকায় দলের পক্ষ থেকে নানাভাবে সমঝোতার চেষ্টা চালানো হয়। সর্বশেষ দলীয় একক প্রার্থিতা চূড়ান্ত করতে গত ৩০ এপ্রিল উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিশেষ সভা ডাকা হয়। সভায় উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা জানান, ওই সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল-মাহমুদ দিনভর সম্ভাব্য তিন প্রার্থীর মধ্যে সমঝোতার চেষ্টা চালান।উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক খলিলুর রহমান বলেন, ‘জনপ্রিয়তায় আমিই এগিয়ে। দলীয় সমর্থন আমিই পাব।’ যুগ্ম আহ্বায়ক আবদুল মজিদ মোল্লা বলেন, ‘উপজেলা কমিটির বর্তমান আহ্বায়ক উড়ে এসে জুড়ে বসা নেতা। কিছুদিন আগেও তিনি বিএনপি করতেন। আওয়ামী লীগে এসে তিনি রাতারাতি প্রভাবশালী নেতা বনে গেছেন। দলে তাঁর কোনো অবদান নেই। তাঁকে ছাড়া যে কাউকে দলীয় সমর্থন দিলে দলের সিদ্ধান্ত মেনে নেব।’ অপর যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, ‘দলের প্রতি একটাই অনুরোধ, উড়ে এসে জুড়ে বসা কালোটাকার মালিককে যেন “দলীয় মনোনয়ন” দেওয়া না হয়। অন্য কোনো ত্যাগী নেতাকে সমর্থন দিলে দলের সিদ্ধান্ত মেনে নেব।’ অন্যদিকে মেয়র পদে লড়াইয়ের ঘোষণা দিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান মোল্লা, বড়তারা ইউনিয়ন বিএনপির সদস্য তোজামেঞ্চল হোসেন ও উপজেলা যুবদলের সভাপতি জিয়া চৌধুরী। মান্নান মোল্লা, নবিউল ইসলাম চৌধুরী ও তোজামেঞ্চল হোসেনের ‘ডিজিটাল বিলবোর্ড’ শহরে এখনো শোভা পাচ্ছে। আবদুল মান্নান মোল্লা বলেন, ‘দলীয় সমর্থন আমিই পাচ্ছি। ডিজিটাল বিলবোর্ড টানানো আচরণবিধি লঙ্ঘন—এটা জানা ছিল না।’ তোজামেঞ্চল হোসেন বলেন, ‘পৌর নির্বাচনের সঙ্গে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। আচরণবিধি লঙ্ঘিত হলে বিলবোর্ড সরিয়ে নেওয়া হবে।’ ক্ষেতলাল উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মোত্তালিব বলেন, ‘তফসিল ঘোষণার আগেই আগাম প্রচারণামূলক সব ডিজিটাল বিলবোর্ড অপসারণ করা দরকার ছিল প্রার্থীদের। কেউ এখনো তা অপসারণ না করে থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’