মেয়র পদের চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, দুজনের স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে গতকাল শনিবার মেয়র পদের চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও দুজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। তবে এ ব্যাপারে তাঁরা আগামী তিন দিনের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরাবর আপিল করতে পারবেন। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।যাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাঁরা হলেন: জাতীয় পার্টির (মঞ্জু) অ আ ম হায়দার আলী, এলডিপির ওয়াহেদ আজগর চৌধুরী, এম এ সালাম ও মো. এয়াকুব হোসেন ভূঁইয়া। মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে উত্তর জেলা আওয়ামী লীগের নেতা কামাল উদ্দিন চৌধুরী ও সাইফুদ্দিন রবির। গতকাল নগরের মুসলিম ইনস্টিটিউট হল মিলনায়তনে মনোনয়নপত্র বাছাই শুরু হয়। প্রথম দিনে মেয়র পদের ১৮ প্রার্থী ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদের ৬৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়। বাছাইয়ের সময় বিভিন্ন প্রার্থী ও তাঁদের সমর্থকেরা সংশ্লিষ্ট কাগজপত্রসহ উপস্থিত ছিলেন। আজ রোববার বাছাইয়ের দ্বিতীয় ও শেষ দিন।মেয়র পদের চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঋণখেলাপি, সনদ, জামানতের টাকা যথাযথভাবে না দেওয়াসহ বিভিন্ন কারণে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ব্যাপারে তাঁরা তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন। আপিল শুনানির পর নির্ধারিত হবে তাঁদের মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল হবে কি না।’কমিশন সূত্র জানায়, অ আ ম হায়দার আলী খেলাপি ঋণ-সংক্রান্ত যথাযথ কাগজ জমা না দেওয়ায় তাঁর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। তবে হায়দার আলী সাংবাদিকদের বলেন, ‘আমার শিক্ষাগত যোগ্যতা-সংক্রান্ত সনদ জমা দেওয়া হয়নি। পরে সেটা জমা দিলে প্রার্থিতা বৈধ হয়ে যাবে।’